শিপ্রাকে নিয়ে ফেসবুকে মন্তব্যের তদন্ত চেয়ে করা রিট খারিজ

হাইকোর্ট বেঞ্চ রিটটি উত্থাপিত হয়নি বলে খারিজ করে দেন

শিপ্রা দেবনাথ।ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে পুলিশের গুলিতে নিহত মেজর (অব.) সিনহা মো. রাশেদ খানের সঙ্গে তথ্যচিত্র নির্মাণের কাজে যুক্ত শিক্ষার্থী শিপ্রা দেবনাথকে নিয়ে ফেসবুক পোস্টে আপত্তিকর মন্তব্যের অভিযোগ তদন্তের নির্দেশনা চেয়ে করা রিটটি খারিজ হয়েছে।

আজ বৃহস্পতিবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটটি উত্থাপিত হয়নি বলে খারিজ করে দেন।

‘সাইবার বোলিং নাউ অ্যাডস টু হার ট্রমা’ শিরোনামে ১৬ আগস্ট ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারে একটি প্রতিবেদন ছাপা হয়। এতে শিপ্রার ভাইয়ের বরাত দিয়ে বলা হয়, পদস্থ পুলিশ কর্মকর্তাসহ কয়েকজন শিপ্রার ব্যক্তিগত ছবি ফেসবুকে পোস্ট করে আপত্তিকর মন্তব্য করেছেন।

ওই প্রতিবেদন যুক্ত করে ১৬ আগস্ট রিটটি করেন আইনজীবী মনোজ কুমার ভৌমিক। আদালতে রিটের পক্ষে আবেদনকারী নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন তুষার কান্তি রায়।

আইনের দৃষ্টিতে আবেদনকারীর রিটটি চলে না। আবেদনকারী রিটটি না চালানোর কথা জানালে আদালত তা উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন।
তুষার কান্তি রায়

পরে তুষার কান্তি রায় প্রথম আলোকে বলেন, আইনের দৃষ্টিতে আবেদনকারীর রিটটি চলে না। আবেদনকারী রিটটি না চালানোর কথা জানালে আদালত তা উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন।

আইনজীবী মনোজ কুমার ভৌমিক প্রথম আলোকে বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করে রিটটি হাইকোর্টের অন্য বেঞ্চে উপস্থাপন করা হতে পারে।

আরও পড়ুন