শিবগঞ্জ আ.লীগ সভাপতির বিরুদ্ধে এবার ধান লুটের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদা দাবি, মাছ লুট ও শ্লীলতাহানির মামলার পর এবার বগুড়ার শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হকসহ ১৪ জনের বিরুদ্ধে ধান লুটের মামলা হয়েছে। গতকাল রোববার বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম-২-এ দোহিলা গ্রামের আবদুল খালেক মামলাটি দায়ের করেন।
বিচারক মো. কামরুজ্জামান মামলাটি আমলে নিয়ে শিবগঞ্জ পৌরসভার মেয়র তৌহিদুর রহমানকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। আগামী ১১ সেপ্টেম্বর মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে।
আরজি সূত্রে জানা যায়, বিহার ইউনিয়নের ধামাহার গ্রামের বাদী আবদুল খালেক তাঁর সাড়ে ৭৩ শতক জমিতে বোরো মৌসুমে কাজললতা ধানের চারা রোপণ করেন। গত ২ মে ভোররাতে আজিজুল হকের নেতৃত্বে ১৪-১৫ জন লাঠি, ছোরা, রড ও কাঁচি নিয়ে সেই জমি থেকে প্রায় ৫৫ মণ ধান কেটে নিয়ে যায়। এ ঘটনায় থানায় অভিযোগ দিতে গেলে পুলিশ তা নেয়নি। বাধ্য হয়ে তিনি আদালতে মামলা করেন।
শিবগঞ্জ পৌরসভার মেয়র তৌহিদুর রহমান গতকাল বিকেলে বলেন, এখন পর্যন্ত তিনি এ বিষয়ে আদালতের নির্দেশনা হাতে পাননি। নির্দেশনা পেলেই দ্রুত তদন্ত করে আদালতে প্রতিবেদন দেওয়া হবে।
অভিযোগ প্রসঙ্গে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক বলেন, এসব মিথ্যা মামলা। তদন্ত করলে সত্য প্রকাশ হবে। রাজনৈতিকভাবে হেয় করতে প্রতিপক্ষ এসব সাজানো মামলা করছে।