শিবগঞ্জে উন্নয়ন মেলায় র্যাফল ড্রর নামে জুয়া
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় উন্নয়ন মেলায় র্যাফল ড্রর নামে জুয়া চালানোর অভিযোগ উঠেছে। এর টিকিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছাপানো হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন আয়োজিত তিন দিনব্যাপী এই মেলা গতকাল বুধবার শেষ হয়েছে।
সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে দেশের বিভিন্ন স্থানে উন্নয়ন মেলার আয়োজন করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
র্যাফল ড্র চালানোর অনুমতি দেওয়ার কথা স্বীকার করে ইউএনও আমিনুর রহমান বলেন, মেলা আয়োজনে কলেবর বৃদ্ধি এবং মেলাকে আকর্ষণীয় করতেই উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে র্যাফল ড্র চালানোর অনুমতি দেওয়া হয়েছে। মেলায় কোনো জুয়া হয়নি। র্যাফল ড্রর নামে এ ধরনের জুয়া চালানো যায় কি না জানতে চাইলে তিনি বলেন, ‘লিমিট ক্রস করবেন না। আমার ক্ষমতাবলে র্যাফল ড্র চালাচ্ছি।’
গতকাল বিকেলে সরেজমিনে দেখা যায়, সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রায় অর্ধশত স্টল। এগুলোর মধ্যে রয়েছে ‘কিছুক্ষণ র্যাফল ড্র’। সেখানে ২০ টাকার বিনিময়ে বিক্রি করা হচ্ছে র্যাফল ড্রর একটি টিকিট। র্যাফল ড্রর টিকিট সংগ্রহ করে দেখা গেছে, এর এক পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি রয়েছে। এতে আরও উল্লেখ করা হয়েছে, ‘আয়োজনে উপজেলা প্রশাসন, শিবগঞ্জ, বগুড়া এবং সৌজন্যে জননেতা আজিজুল হক, সভাপতি শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সদস্য জেলা বগুড়া আওয়ামী লীগ’।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান বলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিজ উদ্যোগে স্টল দিয়েছেন। এর সঙ্গে দলের কোনো সংশ্লিষ্টতা নেই। র্যাফল ড্রর টিকিটে বঙ্গবন্ধু ও দলীয় সভাপতির ছবি দেওয়াটা ঠিক হয়নি। জেলা প্রশাসক আশরাফ উদ্দিন বলেন, ‘উন্নয়ন মেলায় লটারি বা র্যাফল ড্রর স্টল দেওয়ার কথা নয়।’