শিবগঞ্জে কিশোরকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জে এক কিশোরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। গত সোমবার রাতে শিবগঞ্জ পৌর এলাকার কলুমগাড়ি পশ্চিমপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।
নিহত আবুল খায়ের (১৬) বগুড়া সদরের তেলিহারা গ্রামের নূরুল ইসলামের ছেলে। সে কলুমগাড়িতে নানার বাড়িতে থেকে শ্রমিকের কাজ করত।
পুলিশ ও গ্রামের কয়েকজন বলেন, সোমবার রাতে আবুল পাশের গ্রামের হাজরাবাড়ী হাফেজিয়া মাদ্রাসায় ধর্মীয় সভা শোনার জন্য যায়। কিন্তু রাতে আর ফিরে আসেনি। পরে গতকাল মঙ্গলবার সকালে কলুমগাড়ি পশ্চিমপাড়া মহল্লার একটি আলুখেতে তার লাশ পাওয়া যায়। পুলিশ জানায়, আবুল খায়েরকে মাথা ও গলার নিচে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য কলুমগাড়ি গ্রামের জাকির আলম (১৭) ও মাহবুব হোসেন (১৮) নামে দুজনকে আটক করেছে। নিহত আবুল খায়েরে নানা খাজা মিয়া আকন্দ বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বলেন, কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।