শিবগঞ্জে কিশোরকে পিটিয়ে হত্যা
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বাগানের আম চুরির অভিযোগ করায় এক কিশোরকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার বিনোদপুর ইউনিয়নের কিরণগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রাসেল উদ্দিন (১৬) কিরণগঞ্জ গ্রামের মফিজুল হকের ছেলে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী প্রথম আলোকে বলেন, নিহত রাসেল উদ্দিন কিরণগঞ্জ গ্রামের একটি আমবাগানের পাহারাদার ছিল। কিছুদিন ধরে ওই বাগান থেকে প্রায়ই আম চুরি হচ্ছিল। রাসেল আম চুরির জন্য একই গ্রামের তার সমবয়সী আরেক কিশোরের বিরুদ্ধে অভিযোগ করে। এতে ক্ষিপ্ত হয়ে ওই কিশোর বাগানের মধ্যে রাসেলকে পিটিয়ে গুরুতর জখম করে। রাসেলের চিৎকারে লোকজন এগিয়ে এলে সে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাসেল মারা যায়।
ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত কিশোর পলাতক।