শিবগঞ্জে কৃষককে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মিজানুর রহমান (২৫) নামে এক কৃষককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি উপজেলার কিচক ইউনিয়নের মহিষট্ট গ্রামের লুৎফর রহমানের ছেলে।
গ্রামের চার-পাঁচজন ও শিবগঞ্জ থানার পুলিশ সূত্রে জানা গেছে, মিজানুর মঙ্গলবার বিকেলের দিকে আমন খেত দেখতে মাঠে যান। এরপর থেকে তিনি নিখোঁজ হন। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পায়নি। গতকাল বুধবার সকালে গ্রামের পাশে আউজগ্রাম মাঠের একটি ধানখেতে তাঁর লাশ পড়ে থাকতে দেখেন এলাকার কয়েকজন। পরে থানায় খবর দিলে পুলিশ এসে তাঁর লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে জানতে চাইলে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব প্রথম আলোকে বলেন, মিজানুরের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।