শিবগঞ্জে কৃষককে গলা কেটে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় আলম মিয়া নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। তিনি উপজেলার রায়নগর ইউনিয়নের টেপাগাড়ী গ্রামের আফছার আলীর ছেলে।
এ ঘটনায় আফছার আলী গতকাল বৃহস্পতিবার শিবগঞ্জ থানায় মামলা করেন। তবে মামলায় কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি।
কয়েকজন গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, আলম মিয়া (৪২) গত বুধবার সন্ধ্যায় খেতের কপির চারা দেখতে বাড়ি থেকে বের হন। পরে দীর্ঘ সময়েও তিনি বাড়িতে ফিরে না আসায় চারদিকে খোঁজাখুঁজি শুরু হয়। একপর্যায়ে খেতে যাওয়ার পথে রাস্তার ওপর তাঁর লাশ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজার রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আলম মিয়াকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ অপরাধীদের ধরতে তৎপর রয়েছে।