শিবগঞ্জে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের পাল্টাপাল্টি ধাওয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বাজারে গতকাল বুধবার ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবারের বুলেট নিক্ষেপ করে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী বলেন, মোকামতলা বাজারে আধিপত্য বিস্তার এবং মহাসড়কে বিভিন্ন শ্রেণির যানবাহন থেকে ওঠানো চাঁদার ভাগ-বাঁটোয়ারা নিয়ে ওই ঘটনা ঘটেছে।
মোকামতলা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মারুফ রহমান বলেন, ‘স্বেচ্ছাসেবক লীগের নেতারা গতকাল সন্ধ্যায় আমাদের অফিসে এসে হামলা করার চেষ্টা করলে আমরা তাদের তাড়িয়ে দিয়েছি।’ স্বেচ্ছাসেবক লীগের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আহসান হাবিব বলেন, ‘ছাত্রলীগের কতিপয় নেতা-কর্মী আমাকে গালাগাল করলে আমার কর্মীরা ক্ষিপ্ত হয়।’
মোকামতলা ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই শামীম আকতার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।