শিবগঞ্জে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের পাল্টাপাল্টি ধাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বাজারে গতকাল বুধবার ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় প্রায় আধা ঘণ্টা বগুড়া-রংপুর মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবারের বুলেট নিক্ষেপ করে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী বলেন, মোকামতলা বাজারে আধিপত্য বিস্তার এবং মহাসড়কে বিভিন্ন শ্রেণির যানবাহন থেকে ওঠানো চাঁদার ভাগ-বাঁটোয়ারাকে কেন্দ্র করে ওই দুই পক্ষের মধ্যে কয়েক দিন ধরে উত্তেজনা চলছিল। এর জের ধরে ওই ঘটনা ঘটেছে।

মোকামতলা বাজারের পাঁচ-সাতজন বলেন, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাজারে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা অবস্থান নেন। চৌরাস্তা নামক স্থানে দুই পক্ষ মুখোমুখি হলে মহাসড়কের দুপাশের দোকানপাট বন্ধ হয়ে যায় এবং মানুষ ভয়ে এদিক-ওদিক ছোটাছুটি করে। এ সময় পাল্টাপাল্টি ধাওয়া ও চার-পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটে। উভয় পক্ষের নেতা-কর্মীরা মহাসড়কে একটি মাইক্রোবাস ও দুটি ট্রাক ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে স্থানীয় ফাঁড়ির পুলিশ এসে রাবারের বুলেট নিক্ষেপ করে। পরে উভয় পক্ষ সরে যায়।