শিবগঞ্জে জমি নিয়ে বিরোধে একজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় জমিজমাসংক্রান্ত বিবাদের জের ধরে প্রতিপক্ষের হামলায় মুছা মিয়া (৪২) নামের এক কৃষক নিহত হয়েছেন। তিনি উপজেলার কিচক ইউনিয়নের শালদহবাট্টা গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় মুছার শ্বশুর ছায়েদ আলী সাতজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। পুলিশ প্রধান আসামিসহ চারজনকে গ্রেপ্তার করে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার ময়দানহাটা ইউনিয়নের চান্দার গ্রামে জমি নিয়ে স্থানীয় মনোরঞ্জন সরকার ও আবদুল মালেকের মধ্যে বিরোধ ছিল। মনোরঞ্জন সরকার পক্ষের হিসেবে পরিচিত মুছা। ওই বিরোধের জের ধরে ১৪ নভেম্বর আবদুল মালেকসহ কয়েকজন মুছার পথরোধ করে বেধড়ক পেটায়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। গত মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে মুছা মারা যান।