শিবগঞ্জে তিনটি পিস্তল ও একটি রিভলবার উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় গত রোববার রাতে তিনটি পিস্তল, একটি রিভলবার, পাঁচটি গুলি ও ৪২৩ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে রোববার রাত ১১টার দিকে মনাকষা সীমান্তের পারচৌকা গ্রামের রাস্তার পাশে অবস্থান নেয় বিজিবি। এ সময় রাস্তা দিয়ে আসা দুজনকে সন্দেহ হয়। ধাওয়া করলে একটি কালো থলে ফেলে তারা পালিয়ে যায়। পরে থলেটি তল্লাশি করে একটি ভারতীয় পিস্তল ও দুটি গুলি উদ্ধার করা হয়।
বিজিবির আরেকটি দল রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে আজমতপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বাড়ির ধানের গোলা ও খড়ের পালা থেকে দুটি ভারতীয় পিস্তল, একটি রিভলবার, তিনটি গুলি ও ১৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
এ ছাড়া মাসুদপুর সীমান্ত ফাঁড়ির ঠোটাপাড়া থেকে ১৬০ বোতল ফেনসিডিল, কিরণগঞ্জ সীমান্ত ফাঁড়ির তেলকুপি মাঠ থেকে ২৪৯ বোতল ফেনসিডিল ও চরবাগডাঙ্গা সীমান্ত ফাঁড়ির রোডপাড়া থেকে ১২ বোতল মদ উদ্ধার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ ৯ বিজিবি ব্যাটালিয়নের কর্মকর্তা মেজর শেখ মোহাম্মদ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।