শিবগঞ্জে দুস্থদের চালের অর্থ ফড়িয়াদের পকেটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জে ফড়িয়া ব্যবসায়ীরা সরকারের খাদ্যসহায়তা কর্মসূচির (ভিজিএফ) চাল কম দামে কিনে নিচ্ছেন। ফলে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন হতদরিদ্র লোকজন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, পবিত্র রমজান মাসে অতিদরিদ্র লোকজনের মধ্যে বিতরণের জন্য ভিজিএফ কর্মসূচির আওতায় উপজেলার ১২টি ইউনিয়নের ১৮ হাজার ৫৩৫টি পরিবারের জন্য ১৮৫ দশমিক ৩৫ মেট্রিক টন এবং পৌরসভার এক হাজার ৫৪০টি পরিবারের জন্য ১৫ দশমিক ৪ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়। বরাদ্দ করা প্রত্যেক কার্ডের অনুকূলে উপকারভোগীরা বিনা মূল্যে ১০ কেজি করে চাল পান। ১১ জুলাই থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত উপজেলার ১২টি ইউনিয়নে ও একটি পৌরসভায় এই চাল বিতরণ করা হয়েছে।
অভিযোগ রয়েছে, হতদরিদ্র লোকজন চাল নেওয়া মাত্রই ইউনিয়ন পরিষদ (ইউপি) চত্বরে বা আশপাশে থাকা ফড়িয়া ব্যবসায়ীরা তাঁদের কম দামে সেই চাল বিক্রি করতে বাধ্য করছেন। বর্তমান বাজারে প্রতি কেজি চালের দাম কমপক্ষে ২২ টাকা হলেও ফড়িয়ারা তা কিনছেন ১১ থেকে ১২ টাকা কেজি দরে।
পৌরসভা ও পিরব ইউনিয়নের সাত-আটজন ব্যক্তি জানান, অনেক ফড়িয়া ব্যবসায়ী আবার আগেই কার্ডধারীদের টাকা দিয়ে কার্ড কিনে নেন। পরে তাঁরা বা তাদের নিয়োজিত লোক দুস্থ সেজে কার্ডের বিপরীতে চাল তুলে নেন।
গতকাল মঙ্গলবার পিরব ইউনিয়নের পাশে চাল কিনতে দেখা যায় আনোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে। চাল নিয়ে বের হতেই আনোয়ার দুস্থ লোকজনের পোটলা বা ব্যাগ টেনে ধরে দামদর করছিলেন। তিনি বলেন, ‘আমি তো অন্যায় কিছু করছি না। টাকা দিয়ে চাল কিনে নিচ্ছি।’
চাল বিক্রি করার বিষয়ে উপজেলার সিহালী গ্রামের দেলোয়ারা বেগম (৪৫) বলেন, ঈদের আগে ঘরে কোনো সেমাই-চিনি নেই। এ জন্য তিনি খাবারের চাল বিক্রি করে দিয়েছেন।
ডেপুচণ্ডী গ্রামের আলাল আলী (৫০) বলেন, ‘রিলিফের চাল হামরা খাবার পারি না। গন্ধ লাগে। তাই বেচা দিই।’ বাজারের চেয়ে কম দামে বেচলেন কেন, জানতে চাইলে আজিজার রহমান (৫০) বলেন, ‘ফড়িয়া ব্যবসায়ীরা সব এক জোট হয়েছে। তারা বাজারের চেয়ে কম দামে নিয়ে নিজেরা বেশি লাভ করছে।’
পিরব ইউপির চেয়ারম্যান আবদুল করিম বলেন, ‘ইউপি চত্বরে কোনো ব্যবসায়ী চাল কিনতে পারেননি। বাইরে গিয়ে কেনাবেচা করলে আমার আর কী বা করার আছে।’
পিআইও জসিম উদ্দিন বলেন, ‘কোনো ফড়িয়া যেন ইউপি এলাকা থেকে চাল কিনতে না পারে সে জন্য চেয়ারম্যানদের আগেই বলা হয়েছে।’