কম টাকায় পরীক্ষার ফরম পূরণ করে দেওয়ার কথা বলে দুই ছাত্রের কাছ থেকে টাকা নেন বগুড়ার শিবগঞ্জ এম এইচ ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আলী হাসান। পরে তাঁদের ফরম পূরণ করে না দেওয়ায় গতকাল মঙ্গলবার শুরু হওয়া ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষায় অংশ নিতে পারেননি ওই দুই ছাত্র।
দুই ছাত্রের পক্ষ থেকে আজিজুল হক বাদী হয়ে গত রোববার শিবগঞ্জ থানাসহ বিভিন্ন জায়গায় এ ঘটনায় লিখিত অভিযোগ দেন। অভিযোগ পেয়ে পুলিশ আলী হাসানকে গত সোমবার থানায় নিয়ে আসে। কিন্তু ওই দিনই তাঁকে ছেড়ে দেওয়া হয়।
ওই লিখিত অভিযোগ ও ছাত্রলীগের একটি সূত্র জানায়, ছাত্রলীগের ছেলেদের নির্ধারিত ফির চেয়ে কম টাকা দিয়ে ফরম পূরণ করিয়ে দেওয়ার আশ্বাস দেন আলী হাসান। আশ্বাস পেয়ে ছাত্রলীগের কর্মী পরীক্ষার্থী আজিজুল ২ হাজার ও খায়রুল ইসলাম ১ হাজার ৫০০ টাকা দেন আলী হাসানকে। কয়েক দিন আগে কলেজে সব পরীক্ষার্থীর মতো তাঁরা প্রবেশপত্র নিতে গিয়ে জানতে পারেন তাঁদের ফরম পূরণই করা হয়নি। এ ঘটনায় ভেঙে পড়েন আজিজুল ও খায়রুল। পরে তাঁরা শিবগঞ্জ থানাসহ বিভিন্ন জায়গায় গত রোববার এ বিষয়ে লিখিত অভিযোগ দেন। অভিযোগ পেয়ে পুলিশ সোমবার সন্ধ্যায় আলী হাসানকে থানায় নিয়ে আসে। পরে উপজেলা ছাত্রলীগের কয়েকজন নেতার মধ্যস্থতায় থানার মধ্যে টাকা পরিশোধ করে আলী হাসানকে ছাড়িয়ে নিয়ে যাওয়া হয়।
আজিজুল বলেন, ‘আমার জীবন থেকে এক বছর নষ্ট করা হয়েছে। আমি নেতাদের অনুরোধে আপাতত আপসে রাজি হলেও সাংগঠনিকভাবে এর বিচার চাই।’
খায়রুল বলেন, ‘বড় ভাইদের পরামর্শে আমি আলী হাসানের মাধ্যমে ফরম পূরণ করার উদ্যোগ নিই। কিন্তু আমার একটি বছর সে নষ্ট করে দিল। আমি এর বিচার চাই।’
জানতে চাইলে আলী হাসান বলেন, ‘আমি তাঁদের কাছে ২ হাজার ৭০০ টাকা করে চেয়েছিলাম। কিন্তু তাঁরা এ টাকা দেননি। বারবার বলার পরও ২ হাজার ৭০০ টাকা না দেওয়ায় আমি নিজেই তাঁদের ফরম পূরণ করিনি। সোমবার রাতে তাঁদের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দেওয়া হয়েছে।’
শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রাজু কামাল বলেন, ‘আজিজুলের অভিযোগের পরিপ্রেক্ষিতে আলী হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছিল। পরে বাদীর সঙ্গে মীমাংসা হওয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয়।’
শিবগঞ্জ এম এইচ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। এ বিষয়ে আমাদের কিছু করার নেই। কোনো ছাত্রছাত্রীরই উচিত নয় বাইরের কাউকে দিয়ে ফরম পূরণ করানো।’