শিবগঞ্জে প্রতিপক্ষের হামলায় নিহত ১
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দোভাগী এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় রজবুল হক (২৫) নামে একজন নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। নিহত রজবুল শিবগঞ্জ উপজেলার নামোজগন্নাথপুর গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম জানান, রজবুলদের সঙ্গে তাঁর চাচা সাজেমান আলী এবং চাচাতো ভাই সোহবুলের সঙ্গে জমি নিয়ে বিরোধ ছিল। এই বিরোধ মেটানোর জন্য স্থানীয়ভাবে কয়েকবার সালিস হলেও বিষয়টির সুরাহা হয়নি। এরই জের ধরে গত মঙ্গলবার রাতে রজবুলের বাড়ির কাছেই সাজেমানের লোকজন তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং পিটিয়ে গুরুতর আহত করে।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে রজবুল মারা যান।
এই ঘটনায় একই এলাকার তরিকুল ইসলাম, আলিফ হোসেন (৪০), মোহাম্মদ বকু (৪০) ও আহম্মদ আলীকে (৩৫) আটক করেছে পুলিশ। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।