শিবগঞ্জে ফসলি জমিতে অবৈধ ইটভাটা
বগুড়ার শিবগঞ্জে ২৫ বিঘা আয়তনের ফসলি জমি নষ্ট করে গড়ে উঠেছে একটি ইটভাটা। আশপাশের জমি থেকে ওই ইটভাটায় কেটে নেওয়া হচ্ছে মাটি। ডিএমটি নামের ইটভাটাটির অবস্থান উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের নলডুবি এলাকায়।
এলাকার সাত-আটজন বাসিন্দা বলেন, চলতি বছর নলডুবি-পিরব সড়কের পাশে নলডুবি গ্রামের প্রায় ২৫ বিঘা আয়তনের তিন ফসলি জমি নষ্ট করে ইটভাটাটি নির্মাণ করা হচ্ছে। এর মালিক নলডুবি দুধাহার গ্রামের দুলাল সরকার। ইটভাটার কারণে আশপাশের জমির ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, ইটভাটার আশপাশে সব ফসলি জমি। এসব জমিতে চাষ করা হয়েছে ধান, আলুসহ বিভিন্ন ফসল। নির্মাণাধীন ইটভাটায় মাটিবোঝাই ট্রাক যাতায়াত করায় ধুলাবালুতে আচ্ছন্ন হয়ে যায় চারপাশ। দেখা গেল, ফসলি জমির মাটি কেটে ভাটার পাশে স্তূপ করে রাখা হয়েছে। অনেক ফসলি জমি এরই মধ্যে চলে গেছে ইটভাটার দখলে।
নলডুবি গ্রামের চার-পাঁচজন কৃষক বলেন, গত বছরও ওই ইটভাটার জমিতে ধান, আলু আবাদ হয়েছে। অন্য বছর এ সময় বোরো আবাদ হতো। কিন্তু এখন ফসল চাষের বদলে ওই জমিতে ইটভাটা নির্মাণ করা হচ্ছে। এতে শুধু ওই জমিগুলোতেই চাষাবাদ বন্ধ হচ্ছে না, ইটভাটার নির্গত ধোঁয়ায় পাশের মাঠজুড়ে শত শত বিঘা জমিতে ফসল চাষাবাদ হুমকির মুখে পড়ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ভাটার পাশেই জমি থাকা এক কৃষক ক্ষোভের সঙ্গে বলেন, ‘এই ইটভাটার জন্যি হামাকেরে অনেক ক্ষতি হবি। কিন্তু হামরা ভাটার মালিকের কাছে অসহায়। হে প্রভাবশালী। তাই কথা কবার গেলে ভয় পাই।’
ওই সড়কে নিয়মিত যাতায়াত করেন ব্যবসায়ী শফিউল আলম (৪৫)। তিনি বলেন, ‘ইটভাটার ধুলা ও ধোঁয়ায় মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। মালিকপক্ষ প্রভাবশালী হওয়ায় প্রতিকার পাওয়া যাচ্ছে না।’
পরিবেশ অধিদপ্তরের একটি সূত্রে জানা যায়, ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী, কৃষিজমিতে বা এর আশপাশে ইটভাটা নির্মাণ নিষিদ্ধ। সরেজমিনে তদন্ত করে শর্তপূরণ সাপেক্ষে পরিবেশগত ছাড়পত্র প্রদানের বিষয়টি বিবেচনা করা হবে। কৃষি বিভাগ থেকে অনাবাদি জমির প্রত্যয়ন না দিলে পরিবেশগত ছাড়পত্র দেওয়ার প্রশ্নই আসে না।
উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ আহমেদ বলেন, ‘আমার কাছ থেকে ওই ইটভাটার জন্য কোনো প্রত্যয়নপত্র নেওয়া হয়নি।’
ইটভাটার মালিক দুলাল সরকার বলেন, ‘পরিবেশ অধিদপ্তরসহ সব বিভাগে আবেদন করা হয়েছে। আশা করি কিছুদিনের মধ্যে ছাড়পত্রের সব কাগজপত্র পেয়ে যাব।’
শিবগঞ্জ উপজেলা কমিশনার (ভূমি) সুশান্ত কুমার মাহাতো বলেন, এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বগুড়ার পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক এ কে এম মাসুদুজ্জামান বলেন, ওই ইটভাটা কোনো ছাড়পত্র নেয়নি।