শিবগঞ্জে মেলায় চলছে অশ্লীল নাচ, গান ও জুয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের হরিনগরে ঈদ উপলক্ষে আয়োজিত মেলায় চলছে অশ্লীল নাচ-গান ও জুয়া। স্থানীয় আওয়ামী লীগ নেতাদের উদ্যোগে শিবগঞ্জ আসনের সাংসদ গোলাম রাব্বানী ও সদর আসনের সাংসদ আবদুল ওদুদের ছত্রচ্ছায়ায় এ মেলা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জেলা প্রশাসক ১৬ অক্টোবর থেকে ১০ দিনব্যাপী এ মেলার অনুমোদন দেন। কিন্তু স্থানীয় আওয়ামী লীগ দুই দিন আগে থেকে এ মেলা শুরু করে।
এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, মেলার ৩০টি স্থানে প্রতিদিন সন্ধ্যা থেকে শুরু হয় জুয়া খেলা। এ ছাড়া ১০টি পুতুলনাচ, জাদুসহ ভ্যারাইটি শো ও যাত্রাপালায় চলছে অশ্লীল নৃত্য। মেলাসংলগ্ন হরিনগর, ফতেপুর, সাবেক লাভাঙ্গা ও রানিহাটিসহ কয়েকটি গ্রামের মানুষ মেলার মাইকের প্রচণ্ড শব্দে ঠিকমতো ঘুমাতেও পারছে না।
মেলা কমিটির সভাপতি হচ্ছেন নয়ালাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ আবদুল ওদুদের ভায়রা মোস্তাকুল ইসলাম। মেলায় জুয়া ও অশ্লীল নাচের ব্যাপারে জানতে চাইলে মোস্তাকুল বলেন, ‘এ ব্যাপারে আমি কিছু জানি না। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সব জানেন।’
নয়ালাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, ‘আপনার প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়। সবকিছুই তো বুঝতে পারছেন।’
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, মেলার শর্ত ভঙ্গ হয়ে থাকলে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁদের জানানোর কথা। জেলা প্রশাসন জানালে তাঁরা এ ব্যাপারে ব্যবস্থা নেবেন।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর জানান, কোরবানির ঈদ উপলক্ষে এ মেলার অনুমোদন নেওয়া হয়েছে। মেলার অনুমোদনের জন্য ওই দুই সাংসদের সুপারিশ রয়েছে। তবে মেলায় অশ্লীল নাচ ও জুয়া প্রসঙ্গে তিনি জানান, মেলার শর্তে জুয়া বা অশ্লীল নৃত্য চালানোর কথা নেই। ম্যাজিস্ট্রেট পাঠিয়ে এগুলো বন্ধের ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে সাংসদ আবদুল ওদুদ জানান, দলের লোকজন আবেদন নিয়ে এলে বাধ্য হয়ে সুপারিশ করতে হয়। সাংসদ গোলাম রাব্বানী প্রথম আলোকে বলেন, ‘বিনোদনমূলক অনুষ্ঠানের জন্য দলের লোকজন এলে তাঁদের ফেরাতে পারিনি। তবে মেলায় জুয়া বা অশ্লীল নৃত্য চালানোর দায় আমার নয়। এর দায়ভার যাঁরা মেলার আয়োজন করেছেন, তাঁদের। এটি দেখার দায়িত্ব প্রশাসনের।’