শিবগঞ্জে যৌতুকের জন্য স্ত্রীর চুল কর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় যৌতুক না দেওয়ায় স্বামীর বিরুদ্ধে স্ত্রী মিনারা খাতুনের (২২) মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল শনিবার মিনারা বাদী হয়ে স্বামী নজিবুল্লাহ মিয়াসহ (২৭) চারজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। এ ঘটনায় নজিবুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার অপর আসামিরা হলেন শ্বশুর মোবারক আলী (৬৫), শাশুড়ি হুসনেরা বেগম (৫৫) ও স্বামীর বড় ভাই তজিম উদ্দিন (২৯)। তাঁরা সবাই পলাতক।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, প্রায় চার বছর আগে উপজেলার কিচক ইউনিয়নের আপসন গ্রামের নজিবুল্লাহর সঙ্গে একই গ্রামের মিনারার বিয়ে হয়। বিয়ের পর থেকেই নজিবুল্লাহ স্ত্রীর কাছে যৌতুক দাবি করছেন। কয়েকবার কিছু টাকাও বাবার বাড়ি থেকে স্বামীকে এনে দেন মিনারা। কয়েক দিন আগে এক লাখ টাকা দাবি করেন নজিবুল্লাহ। এ টাকা আনার জন্য মিনারাকে চাপ দেন তিনি। কিন্তু এতে রাজি না হওয়ায় তাঁর ওপর নেমে আসে নির্যাতন। এতেও কাজ না হওয়ায় গত বৃহস্পতিবার রাতে মিনারাকে মারপিট করে বাড়ির অন্য সদস্যদের সহযোগিতায় তাঁর মাথার চুল কেটে দেন নজিবুল্লাহ।

ঘটনার পর থেকে নজিবুল্লাহর পরিবারের লোকজন পলাতক থাকায় এ বিষয়ে তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ ব্যাপারে জানতে চাইলে শিবগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) জাহিদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘পুলিশের কাছে প্রধান আসামি নজিবুল্লাহ তাঁর স্ত্রীর চুল কেটে দেওয়ার অভিযোগ স্বীকার করেছেন। বাকি আসামিদের গ্রেপ্তার করতে চেষ্টা চলছে।’