শিবগঞ্জে শিক্ষক লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মিরাপুর দোগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারুক আহমেদকে গতকাল শনিবার শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটিতে স্থান না পেয়ে তাঁকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে ফারুক আহমেদ বিদ্যালয়ে যাওয়ার সময় উপজেলার রহবলের কদমতলা এলাকায় চার-পাঁচজন যুবক তাঁর পথরোধ করে। পরে তারা তাঁকে কিল, ঘুষি মারেন ও গাছের ডাল দিয়ে পেটান। এলাকাবাসী তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
হামলার শিকার ফারুক আহমেদ বলেন, ‘এলাকার প্রভাবশালী সারোয়ার জাহান তাঁর এক আত্মীয়কে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি করতে বলেন। কিন্তু তাঁর ওই আত্মীয়ের সভাপতি হওয়ার যোগ্যতা না থাকায় আমি রাজি হইনি। গত বৃহস্পতিবারও তাঁর লোকজন আমাকে মারধর করেছিলেন। আর আজ (শনিবার) তিনি ভাড়াটে লোকজন দিয়ে আমাকে পিটিয়েছেন।’
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জালাল উদ্দিন বলেন, ‘শিক্ষক সমিতির সদস্যদের মতামত নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি, ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে ২৪ সেপ্টেম্বর উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করা হবে।এ ব্যাপারে কথা বলার জন্য চেষ্টা করেও সারোয়ার জাহানের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, ‘ঘটনার পরই আমরা বিষয়টি পুলিশকে জানিয়েছি।’