শিবগঞ্জে স্কুলছাত্র খুন, চারজনের বাড়িতে আগুন
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় একটি পরিত্যক্ত শৌচাগারের ট্যাংক থেকে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের ছাতুয়া সরকারপাড়া গ্রাম থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে এবং হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে। এর আগে তাঁদের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছেন গ্রামবাসী।
নিহত রনি আহমেদ (৭) ছাতুয়া সরকারপাড়া গ্রামের রায়হান আলীর ছেলে। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, গত বুধবার বিকেলে রনি নিখোঁজ হয়। এরপর অনেক খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। গতকাল বিকেলে গ্রামবাসী একটি শৌচাগারের ট্যাংকে রনির মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
মরদেহ উদ্ধারের পর ক্ষুব্ধ গ্রামবাসী হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে অভিযুক্ত তিন ব্যক্তির বাড়িতে আগুন ধরিয়ে দেন এবং একজনের বাড়ি ভাঙচুর করেন। এ ঘটনায় পুলিশ একই গ্রামের রবিউল ইসলাম, আবদুল করিম, জামিল হোসেন ও আবু তালেবকে গ্রেপ্তার করেছে।
শিবগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) জাহিদুল ইসলাম মুঠোফোনে বলেন, হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।