শিবগঞ্জে ৪০ লাখ টাকা নিয়ে পিয়ন উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় এক বিদ্যালয়ের পিয়ন বিদেশে লোক পাঠানোর কথা বলে প্রায় ৪০ লাখ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে। ১৮ আগস্ট রাত থেকে অভিযুক্ত ব্যক্তি ও তাঁর পরিবারের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
অভিযুক্ত ব্যক্তির নাম পুনন চন্দ্র (৫২)। তিনি উপজেলা সদরের বেসরকারি শিবগঞ্জ উচ্চবিদ্যালয়ের পিয়ন হিসেবে কাজ করতেন। তিনি উপজেলা সদরের বানাইল মহল্লার বাসিন্দা।
এলাকার সাত-আটজন ব্যক্তি বলেন, বছর দু-এক আগে পুনন বিদেশে লোক পাঠানোর ব্যবসা শুরু করার কথা বলেন। তাঁর স্ত্রী দিপালী রানীও এতে যুক্ত বলে তিনি এলাকায় প্রচারণা চালান। পুননের বড় ছেলে বিদেশে থাকেন। সেই সুবাদে পুনন এলাকার লোকদের বিদেশে ভালো বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখানো শুরু করেন। অনেকের কাছ থেকে টাকাও নেন। গত বৃহস্পতিবার রাতে পুনন তাঁর স্ত্রী ও ছোট ছেলেকে নিয়ে এলাকা ছেড়ে চলে গেছেন। গত শনিবারও অনেকে তাঁর বাড়িতে এসে তাঁর খোঁজ করেন।
আঁচলাই মহল্লার আবদুল হালিম বলেন, ‘আমি পুননকে পাঁচ লাখ টাকা দিয়েছি। আমাকে তিন দিন চট্টগ্রামের একটি হোটেলেও রাখা হয়েছিল। সেখান থেকে আমাকে ইরাকে পাঠানোর কথা ছিল। কিন্তু এখন পুননই পালিয়ে গেছে।’
একই মহল্লার আজিজার রহমান বলেন, ‘আমি গরু-ছাগল বিক্রি করে পুননের স্ত্রীকে দুই লাখ টাকা দিয়েছি। আমাকে ইরাকে বা আরও কোনো ভালো দেশে পাঠানোর কথা ছিল। এখন আমার সব শেষ হয়ে গেছে।’
এলাকার কয়েকজন বাসিন্দা আরও অভিযোগ করেন, পুনন ও তাঁর স্ত্রী এলাকার অনেকের কাছ থেকে ধার-দেনা করেন। বিভিন্ন সমিতি থেকে তাঁদের নাম দিয়ে টাকা তোলেন। অনেকের কাছ থেকে সুদেও টাকা নেন। সব মিলিয়ে তাঁরা অন্তত ৪০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।
বানাইল মহল্লার আজমল হোসেন বলেন, পুনন বিদেশে পাঠানোর কথা বলে এলাকার অনেকের কাছ থেকে টাকা নেন। কয়েক দিন আগে তিনি তাঁকে বলেন, ট্রাভেলস অফিস তাঁর সঙ্গে প্রতারণা করেছে। এরপর পুনন তাঁকে বলেন, ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য তিনি বাড়ির আসবাব বিক্রি করে দেবেন। পরে সেগুলো বিক্রিও করে দেন।
পুননের মুঠোফোন বন্ধ থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
শিবগঞ্জ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান বলেন, পুনন চন্দ্র বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে পিয়ন পদে কর্মরত। গত শনিবার বিদ্যালয়ে এসে তিনি পুননের পালিয়ে যাওয়ার কথা জানতে পারেন। তিনি কোনো ছুটি নিয়ে যাননি।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজার রহমান বলেন, বিষয়টি শুনেছেন। কিন্তু লিখিত কোনো অভিযোগ পাননি।
পৌরসভার মেয়র তৌহিদুর রহমান বলেন, ‘এ ঘটনায় অনেকেই নিঃস্ব হয়ে পড়েছেন। তাঁরা এ ব্যাপারে আমার কাছে মৌখিকভাবে অভিযোগ করেছেন এবং টাকা উদ্ধারের ব্যবস্থা করে দিতে অনুরোধ করেছেন।’