শিবগঞ্জের জঙ্গি আস্তানাটি এখনো পুলিশি পাহারায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ত্রিমোহনী শিবনগর গ্রামে জঙ্গি আস্তানা হিসেবে ব্যবহৃত বাড়িটি পুলিশ এখনো পাহারা দিচ্ছে। ওই এলাকায় গতকাল রোববার বেলা দুইটা থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। তবে জনমনে সন্দেহ দেখা দিয়েছে পাশের ইউনিয়নের আরেক গ্রামের কয়েকটি পরিবার নিয়ে।
জঙ্গি আস্তানা হিসেবে ব্যবহৃত বাড়িটির মালিক সাইদুর রহমানের ছেলে আনারুল ইসলাম বলেন, বাড়িটি এখনো তাঁদের বুঝিয়ে দেওয়া হয়নি। পুলিশ পাহারা দিচ্ছে।
অন্যদিকে জঙ্গি আস্তানায় পুলিশের বিশেষায়িত দল সোয়াটের অভিযানে নিহত জঙ্গি আবুর শ্বশুর রুহুল আমিনের বাড়ি পাশের কানসাট ইউনিয়নের শিবনগর কাইঠাপাড়া গ্রামে। অভিযানের প্রথম দিন থেকেই রুহুল পরিবারসহ আত্মগোপনে আছেন। গতকাল দুপুরে ওই গ্রামে গিয়ে জানা যায়, শুধু রুহুলই নন, ওই গ্রাম থেকে আরও কয়েকজন গা ঢাকা দিয়েছেন। আরও একটি পরিবার বাড়িতে তালা দিয়ে গা ঢাকা দিয়েছে বলে জানা গেছে। এই গ্রামের রুহুলসহ আরও কয়েকটি পরিবারের লোকজন সৌদি আরবের সঙ্গে মিল রেখে এক দিন আগে রোজা ও কোরবানির ঈদ উদ্যাপন করেন। অন্য আরও তিন-চারটি গ্রামের একই অনুসারীর লোকদের সঙ্গে নিয়ে ২০১৫ সালে গ্রামের পাশে একটি উন্মুক্ত স্থানে রোজার ঈদের নামাজ পড়ার উদ্যোগ নিলে গ্রামবাসী তাঁদের তাড়া করেন। অনেককেই মারধর করা হয় এবং শামিয়ানা ছিঁড়ে ফেলা হয়। শিবনগর কাইঠাপাড়া গ্রামের সুমন নামে এক জেএমবি সদস্য সম্প্রতি অস্ত্র মামলায় ১৪ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। রুহুলের স্ত্রী সোনা বেগমসহ গ্রামের কয়েকজন নারী তাঁদের অনুসারীদের নিয়ে প্রায়ই বৈঠক করেন এবং চাঁদা তোলেন বলে জানান গ্রামের লোকজন।
এদিকে জঙ্গি আস্তানায় অভিযান, আবুসহ চার জঙ্গি নিহত এবং পিস্তলসহ বিস্ফোরক উদ্ধারের ঘটনায় গত শুক্রবার রাতে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। মামলায় আবুর স্ত্রী সুমাইয়াসহ অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করা হয়। গত বুধ ও বৃহস্পতিবার জঙ্গি আস্তানা সন্দেহে ত্রিমোহনী শিবনগর গ্রামের একটি বাড়িতে অভিযান চালায় সোয়াট। এ সময় আবুসহ চার জঙ্গি নিহত হন। আবুর স্ত্রী ও মেয়েকে জীবিত উদ্ধার করা হয়।