শিবচর ও মাগুরায় তিনজনকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের শিবচর উপজেলায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় দুজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। একই দিন মাগুরা শহরতলিতে এক যুবককে খুন করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রের বিবরণ অনুযায়ী, শিবচর উপজেলার রফি সরদার কান্দি গ্রামের মিলন হাওলাদারের সঙ্গে চর বাচামারা গ্রামের দিদার শিকদারের বিরোধ চলছিল। বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে বাড়ির পাশে মইজ উদ্দিন মাদবর কান্দি গ্রামের একটি চায়ের দোকানে চা খাচ্ছিলেন মিলন। একপর্যায়ে দিদার তাঁকে ডেকে একটু দূরে নিয়ে যান। সেখানে কয়েকজন মিলে কুপিয়ে হত্যা করে মিলনকে। এ সময় মিলনকে বাঁচাতে এগিয়ে আসেন তাঁর ভাগনে আব্বাস সরদার (৩৫)। সন্ত্রাসীরা তাঁকেও কুপিয়ে আহত করে। আব্বাসকে রাতেই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত দুইটার দিকে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় মিলনের বড় ভাই আবদুর রব হাওলাদার বাদী হয়ে শিবচর থানায় হত্যা মামলা করেছেন। মামলায় দিদার শিকদারসহ ১০ জনকে আসামি করা হয়।
মাগুরায় নিহত যুবকের নাম মিন্টু মোল্লা (৩০)। নিহতের স্ত্রী জেরিন সুলতানা বলেন, মিন্টু মোল্লা বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শ্বশুরবাড়িতে আসেন। এরপর তাঁকে (জেরিন) নিয়ে বাইরে ঘুরতে যান। ফেরার পর সন্ধ্যা সাড়ে সাতটায় তিনি বারইপাড়া যাওয়ার কথা বলে মোটরসাইকেল নিয়ে বের হন। এর কিছুক্ষণ পর মাগুরা-শ্রীপুর সড়কের তালতলা মোড় এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাঁকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে মিন্টুকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। তাঁর শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন ছিল।
মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন বলেন, ‘ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে দুটি হকিস্টিক উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডটি পরিকল্পিত বলে মনে হচ্ছে।’
নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার
আমাদের রাজবাড়ী প্রতিনিধি জানান, নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর রাজবাড়ী শহরের বিনোদপুরের ইসরাফিল ঢালী ওরফে সোহাগ (২৬) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বেজগাঁও গ্রামের একটি পুকুর থেকে তাঁর বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ। ২৯ ডিসেম্বর সকালে ঢাকার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন ইসরাফিল। পরদিন তাঁর বাবা ইউনুস ঢালী রাজবাড়ী সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।