শিবচরে ডাকাতের গুলিতে নিহত ১
মাদারীপুরের শিবচরে গত বুধবার গভীর রাতে ডাকাতি করে পালানোর সময় ডাকাতদের ছোড়া গুলিতে জাহাঙ্গীর বেপারী (৩৪) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হন আরও চারজন। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ এক ব্যক্তিকে আটক করেছে।
শিবচর থানা ও স্থানীয় সূত্র জানায়, বুধবার দিবাগত রাত তিনটার দিকে ভদ্রাসন গ্রামের ব্যবসায়ী অনিল সাহার বাড়িতে মুখোশ পরা ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল ঢুকে বাড়ির লোকজনকে বেঁধে মালামাল লুট করে। তারপর তারা পাশের দীনেশ শীলের বাড়িতে ডাকাতি করতে যায়। সেখানে ডাকাতি করে পালানোর সময় দুই বাড়ির লোকজন চিৎকার শুরু করে। এ পর্যায়ে এলাকাবাসী ছুটে এসে ডাকাতদের ধাওয়া করে। ডাকাতেরা এলোপাতাড়ি গুলি ছুড়লে গ্রামের ব্যবসায়ী জাহাঙ্গীর বেপারী ঘটনাস্থলেই মারা যান।
নিহত জাহাঙ্গীর গ্রামের নুরুল ইসলাম বেপারীর ছেলে। ডাকাতদের গুলিতে আরও চারজন আহত হন। তাঁদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অনিল সাহার ছেলে খোকন সাহা বলেন, ‘ডাকাতেরা আমাদের বাড়ি থেকে ২০ ভরি সোনার গয়না, এক লাখ টাকা, মুঠোফোনসহ মূল্যবান জিনিসপত্র লুট করে। শুনেছি, দীনেশ কাকাদের বাড়ি থেকে পাঁচ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট করেছে ডাকাতেরা।’
শিবচর থানার পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের খান বলেন, ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে শহিদুল ইসলাম (৩০) নামের একজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।