নরসিংদীর শিবপুর উপজেলায় আরিফ হোসেন পাঠান নামের ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্য দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। গতকাল সোমবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার কারারচর বড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, পূর্ববিরোধের জেরে তাঁকে হত্যা করা হয়েছে।
আরিফের (৪৫) বাড়ি কারারচর বড়ুইতলা গ্রামে। তিনি পুটিয়া ইউপির সাত নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে আরিফের ক্ষুব্ধ সমর্থকেরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর শুরু করেন। তাঁদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে ও রাবারের গুলি ছোড়ে। এতে পাঁচজন আহত হন।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও আরিফের পারিবারিক সূত্রে জানা গেছে, আরিফ নিজ বাড়ির অদূরে একটি রেস্তোরাঁর বারান্দায় বসে চা পান করছিলেন। বেলা সাড়ে ১২টার দিকে একটি মোটরসাইকেলে করে মুখোশধারী তিনজন ব্যক্তি এসে অতর্কিতে তাঁর মাথা লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন আরিফকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।
এদিকে আরিফ খুন হওয়ার খবর শোনার পর তাঁর প্রায় হাজার দুয়েক সমর্থক ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান আরিফ উল ইসলাম মৃধা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আফসার ঘটনাস্থলে গিয়ে লোকজনকে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু পুলিশ একপর্যায়ে উত্তেজিত লোকজনকে লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপের পাশাপাশি রাবার গুলি ছোড়ে। এতে উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মুক্তিযোদ্ধা হিরণ মিয়াসহ পাঁচজন জখম হন। পুলিশের এই বলপ্রয়োগে বিক্ষোভকারীরা আরও উত্তেজিত হয়ে পড়েন। বিকেল আড়াইটার দিকে পুলিশ সুপার (এসপি) আমেনা বেগম বলপ্রয়োগকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
বেলা সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত অবরোধ চলাকালে মহাসড়কের উভয় পাশে প্রায় ১৫ কিলোমিটারের যানজটের সৃষ্টি হয়। পৌনে তিনটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। বিক্ষোভকারীরা অন্তত ২৫টি গাড়ি ভাঙচুর করেছে বলে জানিয়েছে পুলিশ।
আরিফের ছোট ভাই রোমান পাঠান ও সুমন পাঠান হাসপাতালে প্রথম আলোকে জানান, আরিফ ১০-১২ বছর ধরে ইউপি সদস্যের দায়িত্ব পালন করছিলেন।