শিবপুরে ছেলের লাঠির আঘাতে বাবা নিহত
নরসিংদীর শিবপুরে ছেলের লাঠির আঘাতে রোমান মিয়া (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
গতকাল রোববার বিকেলে উপজেলার দক্ষিণ কারারচর (খাস মহল) এলাকায় ছেলেদের লাঠির আঘাতে গুরুতর আহত হন তিনি। সন্ধ্যায় নরসিংদী জেলা হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
পুলিশ ও প্রতিবেশীদের সূত্রে জানা গেছে, দক্ষিণ কারারচর (খাস মহল) এলাকার বাসিন্দা রোমান মিয়া পেশায় কৃষক ছিলেন। তাঁর পাঁচ ছেলে। তাঁদের মধ্যে ছেলে হালিম মিয়া ও হাবিব মিয়াকে যৌথ পরিবার থেকে আলাদা করা নিয়ে কথা বলার একপর্যায়ে ছেলে হালিম বাবাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। এতে রোমান মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় প্রথমে নরসিংদী জেলা হাসপাতালে পরে তাঁকে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় নিয়ে যাওয়ার পথে সন্ধ্যায় রোমান মারা যান। ঘটনার পর হালিম ও হাবিব গা ঢাকা দেন।
গতকাল সন্ধ্যায় মুঠোফোনে জানতে চাইলে শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান প্রথম আলোকে বলেন, সাংসারিক বিষয় নিয়ে বাবার সঙ্গে ছেলেদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ছেলের লাঠির আঘাতে রোমান মারা যান। এই ব্যাপারে রোমানের
পরিবারের পক্ষ থেকে ছেলেকে অভিযুক্ত করে মামলা করার প্রস্তুতি চলছে। হালিম পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।