শিবপুরে স্কুলছাত্রের বস্তাবন্দী লাশ উদ্ধার
নরসিংদীর শিবপুর উপজেলায় বাপ্পী ভূঁইয়া নামে আট বছরের এক স্কুলছাত্র খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার পুবেরগাঁওয়ের একটি পুকুর থেকে তার বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে শিবপুর মডেল থানায় মামলা হয়েছে।
বাপ্পী পুবেরগাঁওয়ের গির্জাপাড়ার কাউসার ভূঁইয়ার ছেলে। সে পুবেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। পাশাপাশি একই গ্রামের বিভিন্ন পোলট্রি খামারে কাজ করত সে।
মামলার আসামিরা হলেন একই গ্রামের একটি পোলট্রি খামারের মালিক ফেরদৌসী বেগম, তাঁর স্বামী মানিক খান ও মা সাফিয়া বেগম। তাঁদের মধ্যে ফেরদৌসী ও তাঁর মা সাফিয়াকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
এজাহার ও বাপ্পীর পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, বাপ্পীর বাবা কাউসার ভূঁইয়া পত্রিকার হকার। বাপ্পী পড়াশোনার পাশাপাশি গ্রামের বিভিন্ন পোলট্রি খামারে কাজ করত। গত মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির অদূরে ফেরদৌসীর খামারে কাজ করতে যায়। এরপর আর বাড়ি ফিরে আসেনি। গতকাল ওই পোলট্রি খামার থেকে প্রায় ১০০ গজ দূরে পুকুরে মুরগির খাবারের বস্তায় বন্দী কিছু ভেসে ওঠে। এতে আশপাশের লোকজনের সন্দেহ হয়। পরে খবর পেয়ে পুলিশ বস্তা খুলে লাশটি দেখতে পায়। স্বজনেরা লাশটি বাপ্পীর বলে শনাক্ত করেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আরিফ উল ইসলাম মৃধা প্রথম আলোকে বলেন, বাপ্পীর মুখে পলিথিন গুঁজে রাখা হয়েছিল। আর তার লাশ যে বস্তায় ছিল, তা-ও মুরগির খাবারের। বিষয়টি সঠিকভাবে তদন্ত করে এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
শিবপুর মডেল থানার ওসি খোন্দকার ইমাম হোসেন প্রথম আলোকে বলেন, উদ্ধারের পর বাপ্পীর লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। সেখানে ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে। ফেরদৌসী ও তাঁর মাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।