শিববাড়িয়া চ্যানেলে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর ও আলীপুর বন্দরের মধ্যবর্তী শিববাড়িয়া চ্যানেলের দুই তীরের ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পটুয়াখালীর জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল শনিবার দুপুরে এ উচ্ছেদ অভিযান শুরু হয়।
নির্বাহী হাকিম মো. আলমগীর হোসেন ও মো. আবদুল ওয়াদুদের সমন্বয়ে গঠিত একটি দল এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে।
সরেজমিনে দেখা গেছে, শিববাড়িয়া চ্যানেলের উত্তর পাড়ের মহিপুর বন্দরের অংশে উচ্ছেদ অভিযানে বেশ কয়েকটি অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়েছে। অভিযানে কমপক্ষে ৬০টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। এগুলোর মধ্যে মাছের আড়ৎ, দোকান ও ওয়ার্কশপ রয়েছে।
মহিপুর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা সুরেন চন্দ্র শীল জানান, পর্যায়ক্রমে শিববাড়িয়া চ্যানেলের দুই তীরের সব স্থাপনা উচ্ছেদ করা হবে।
স্থানীয় লোকজন জানান, কয়েক বছর ধরে শিববাড়িয়া চ্যানেলের দুই তীর দখল করে একশ্রেণির প্রভাবশালী ব্যক্তি স্থাপনা নির্মাণ করেছেন। স্থানীয় ব্যবসায়ীরা জানান, উচ্ছেদের আগে চ্যানেলের সীমানা চিহ্নিত করা হয়নি। ফলে বহু পাকা স্থাপনা কৌশলে এ অভিযানের বাইরে থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে।