শিবালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় গত মঙ্গলবার রাতে সদর উদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের পাঁচ নেতা-কর্মী আহত হয়েছেন।
কলেজ-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আট মাস আগে সদর উদ্দিন ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সম্মেলন হয়। এতে সাধারণ সম্পাদক পদে মো. রবিন এবং রবিউস সানী প্রতিদ্বন্দ্বিতা করেন। সম্মেলনে রবিনকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। এরপর থেকে দুজনের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে।
উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ ঘোষ বলেন, আরিচা ঘাট এলাকায় মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে রবিন ও রবিউস সানীর সমর্থকদের সংঘর্ষ হয়। এ সময় রড ও চাপাতির আঘাতে পাঁচ নেতা-কর্মী আহত হন।
আহত নেতা-কর্মীর দুজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এঁরা হলেন ওই কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি শাওন আহমেদ এবং শিবালয় ইউনিয়ন ছাত্রলীগের সহসম্পাদক সজীব খলিফা। এ বিষয়ে মো. রবিন ও রবিউস সানীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে দুজনের ফোনই বন্ধ পাওয়া যায়।