শিবালয়ে ট্রাকের মালিক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় আবদুল মজিদ (৫৪) নামের এক ট্রাকমালিককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার ভোরে উপজেলার উথলী এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ট্রাকের ভেতরে তাঁর লাশ পাওয়া যায়। 

স্বজনদের অভিযোগ, ট্রাকের চালক জহির উদ্দিন ও অজ্ঞাত পরিচয়ের তাঁর সহকারী (হেলপার) পিটিয়ে তাঁকে হত্যা করে পালিয়েছেন।
পুলিশ ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্র জানায়, নিহত মজিদের গ্রামের বাড়ি ঢাকার অদূরে আশুলিয়ার খেরুয়া এলাকায়। তিনি পেশায় ট্রাক ব্যবসায়ী ছিলেন। গতকাল সোমবার রাতে ট্রাকের চালক জহির ও সহকারী ঢাকার সাভারের পল্লী বিদ্যুৎ সমিতি থেকে বৈদ্যুতিক মালামাল ট্রাকে করে নিয়ে গোপালগঞ্জের দিকে রওনা দেন। এ সময় ট্রাকের মালিক মজিদও ট্রাকে ছিলেন। রাত আড়াইটার দিকে ট্রাকের চালক মজিদের বাড়িতে ফোন করে জানান, মজিদ অসুস্থ। তিনি উথলী বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকের ভেতরে তিনি আছেন। আজ ভোর সাড়ে চারটার দিকে মজিদের ছেলে রাজীব হোসেনসহ পরিবারের সদস্যরা প্রাইভেট কার নিয়ে উথলী বাসস্ট্যান্ডে যান। এরপর ট্রাকের ভেতর মজিদের হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় লাশ দেখতে পান তাঁরা।
মজিদের ছেলে রাজীব হোসেন সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, সম্প্রতি ট্রাকের ভাড়া নিয়ে তাঁর বাবার সঙ্গে ট্রাকচালকের কথা-কাটাকাটি এবং মারধরের ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে ট্রাকচালক জহির ও সহকারী তাঁর বাবাকে খুন করে পালিয়ে গেছেন।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলা করা হয়েছে। চালক ও সহকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।