শিবির কর্মী সন্দেহে আটজনকে পুলিশে দিয়েছে ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রশিবিরের কর্মী সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের আট শিক্ষার্থীকে পিটিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। গত রোববার গভীর রাতে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হুমায়ূন কবির ও প্রথম বর্ষের রুহুল আমিন, নৃবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের মাসুদ রানা ও মুজাহিদুল ইসলাম, তৃতীয় বর্ষের আবদুল ওয়াদুদ, এমবিএর মোরশেদুল ইসলাম, আরবি বিভাগের প্রথম বর্ষের আলাউদ্দীন এবং ফার্সি বিভাগের তৃতীয় বর্ষের শিমুল রহমান।
এফ রহমান হলের একাধিক শিক্ষার্থী ও ছাত্রলীগের কর্মীরা জানান, রাত দেড়টার দিকে হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিনের অনুসারী নেতা-কর্মীরা প্রথমে শিমুলকে তৃতীয় তলার একটি কক্ষে ডেকে জিজ্ঞাসাবাদ করেন। পরে তাঁর তথ্যের ভিত্তিতে অন্যদের আলাদা করে ডেকে এনে মারধর করা হয়।
পরে রাত আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে আটককৃতদের শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। গতকাল এই প্রতিবেদন লেখার আগ পর্যন্ত রাত পৌনে আটটায় তাঁরা থানা হেফাজতেই ছিলেন।
জানতে চাইলে গতকাল সন্ধ্যায় শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরবর্তী সিদ্ধান্ত জানালে তাঁদের বিরুদ্ধে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী বলেন, ছাত্রলীগের নেতা-কর্মীরা এখনো তাঁর কাছে আটক শিক্ষার্থীদের বিরুদ্ধে তথ্য-প্রমাণ না দেওয়ায় কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না।
ছাত্রী সংস্থার বই উদ্ধার: কবি সুফিয়া কামাল হল শাখা ছাত্রলীগের সভাপতি খালেদা হোসাইন ও সাধারণ সম্পাদক তিলোত্তমা সিকদার জানান, ১৫ অক্টোবর বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে ছাত্রশিবিরের নারী শাখা ছাত্রী সংস্থার সাতজন নেতা-কর্মীর বিষয়ে তথ্য পান তাঁরা। রোববার রাতে প্রশাসনের সহযোগিতায় তাঁদের কক্ষে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দলীয় বই উদ্ধার করা হয়।