শিক্ষকবাসে হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের এক কর্মীকে মারধর করেছেন ছাত্রলীগের একাংশের কর্মীরা। পরে ওই শিক্ষার্থীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। গতকাল মঙ্গলবার সমাজবিজ্ঞান অনুষদের সামনে এ ঘটনা ঘটে।
মারধরের শিকার শিবিরের কর্মী রফিক হায়দার বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পৌনে ১০টার দিকে সমাজবিজ্ঞান অনুষদের সামনে এক সহপাঠীসহ অটোরিকশা থেকে নামেন রফিক হায়দার। ওই সময় সমাজবিজ্ঞান ভবনের মূল গেটে ছাত্রলীগের ভিএক্স পক্ষের কয়েকজন নেতা-কর্মী দাঁড়িয়ে ছিলেন। তাঁরা রফিক হায়দারকে দেখে ছুটে এসে মারধর শুরু করেন। একপর্যায়ে কয়েকজন শিক্ষক এগিয়ে গিয়েও ছাত্রলীগের কর্মীদের থামাতে পারেননি। পরে ছাত্রলীগের কর্মীরা রফিককে পুলিশের কাছে সোপর্দ করেন।
রফিককে মারধরের কথা স্বীকার করে ছাত্রলীগের ভিএক্স পক্ষের সভাপতি রেজাউল করিম প্রথম আলোর কাছে দাবি করেন, রফিক বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিবিরের সভাপতি। ২০১৪ সালের সেপ্টেম্বরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবাসে হামলার সঙ্গে তিনি জড়িত ছিলেন। সে কারণে তাঁকে পুলিশে দেওয়া হয়েছে।
রফিক হায়দারকে নিজেদের কর্মী বলে স্বীকার করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান প্রথম আলোকে বলেন, শিক্ষকবাসে হামলার সঙ্গে শিবিরের কেউ জড়িত নন। ছাত্রলীগের কর্মীরা প্রতিহিংসাবশত রফিকের ওপর হামলা চালিয়েছেন। তিনি বলেন, রফিকের সম্মান সমাপনী বর্ষের পরীক্ষা ছিল। তাঁকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী বলেন, ছাত্রলীগের কর্মীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবাসে হামলার অভিযোগে রফিককে পুলিশের হাতে সোপর্দ করেছেন।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইসমাইল বলেন, রফিক হায়দারকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে থানায় কোনো মামলা নেই। তিনি বলেন, রফিকের বিরুদ্ধে শিক্ষকবাসে হামলার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।