শিবির নেতার বাড়ি থেকে জঙ্গি বই, সিডি পেট্রল উদ্ধার
নারায়ণগঞ্জের ফতুল্লা থানা ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক শিহাব উদ্দিনের স্বীকারোক্তি অনুযায়ী তাঁর বাড়ি থেকে বিপুলসংখ্যক জঙ্গি বই, সিডি ও বোতলভর্তি পেট্রল উদ্ধার করা হয়েছে। গত রোববার রাতে পুলিশ অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করে বলে গতকাল সোমবার সংবাদ সম্মেলনে জানানো হয়।
এর আগে গত শনিবার ফতুল্লার কাশীপুর দেওয়ানবাড়ি এলাকায় একটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা মেরে আগুন দেওয়ার সময় গণপিটুনির শিকার হন শিহাব উদ্দিন। পরে এলাকাবাসী তাঁকে পুলিশে দেন।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন হয়। এতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সাজ্জাদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (তদন্ত) সুব্রত হাওলাদার প্রমুখ।
সংবাদ সম্মেলনে খন্দকার মহিদ উদ্দিন জানান, ৫ জানুয়ারি থেকে চলমান অবরোধে নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনায় গত দুই দিনে শিবির নেতাসহ মোট নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী বিপুলসংখ্যক জঙ্গি বই, দলের সদস্য ফরম, শপথ ফরম, বোতলভর্তি পেট্রল, সিডি ও নাশকতা পরিকল্পনার ডায়েরি উদ্ধার করা হয়। এ ছাড়া পুলিশ তল্লাশি চালিয়ে নাশকতার কাজে ব্যবহারের জন্য বহন করা গানপাউডারসহ বিভিন্ন সরঞ্জামাদিও উদ্ধার করে।
পুলিশ সুপার জানান, গত বৃহস্পতিবার নগরের সিরাজদৌল্লাহ সড়কে বাসে আগুন দেওয়ার সময় শফিকুলকে হাতেনাতে আটক করা হয়। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী মোটর-মেকানিক শামীমকে গ্রেপ্তার করা হয়। এই দুজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁরা জবানবন্দিতে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তাঁরা জানিয়েছেন, টাকার প্রলোভনে তাঁরা এই কাজে জড়িয়েছেন।
খন্দকার মহিদ উদ্দিন আরও জানান, নাশকতাকারীরা যে দলের বা যে ব্যক্তিই হোক না কেন, তাঁদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।