শিবির সন্দেহে এক ছাত্রকে ছাত্রলীগের মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির সন্দেহে এক ছাত্রকে মারধর করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি পক্ষের নেতা-কর্মীরা। আজ সোমবার বেলা দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এ ঘটনা ঘটে। মারধরের শিকার ছাত্রের নাম মো. ওমর ফারুক। তিনি বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বাংলা বিভাগ থেকে বের হয়ে ওমর ফারুক বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে দিয়ে জিরো পয়েন্টের দিকে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ছাত্রলীগের সভাপতি পক্ষের নেতা-কর্মীরা তাঁর ওপর হামলা চালান। তাঁরা ফারুককে রড ও কাঠ দিয়ে পেটাতে করতে থাকেন। প্রায় ১০ মিনিট মারধরের পর তাঁকে মোটরসাইকেলে তুলে কলা অনুষদের ঝুপড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে আরেক দফা মারধর করা হয়। পরে আড়াইটার দিকে পুলিশ তাঁকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যায়।

বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের প্রধান কর্মকর্তা মোহাম্মদ আবু তৈয়ব প্রথম আলোকে বলেন, ‘ওমর ফারুক নামের এক শিক্ষার্থীকে আহত অবস্থায় পুলিশ মেডিকেলে নিয়ে আসে। তাঁর মাথা ফেটে গেছে ও শরীরের বিভিন্ন স্থানে মারধরের চিহ্ন রয়েছে।’

মারধরের শিকার ওমর ফারুকের ভাষ্য, ‘আমার বিভাগে একটি অনুষ্ঠান ছিল। আমি অনুষ্ঠান শেষ করে বাসায় ফিরছিলাম। শহীদ মিনারের সামনে ছাত্রলীগের নেতা-কর্মীরা আমার ওপর অতর্কিতে হামলা চালান। তাঁরা আমাকে রড ও কাঠ দিয়ে দুই দফা মেরেছে। আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই।’

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু বলেন, ‘শিবির নেতা ওমর ফারুক ক্যাম্পাসে এসে ছাত্রলীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন—এমন খবর পেয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।’

এ বিষয়ে হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত) মজিবুর রহমান বলেন, ‘এক শিক্ষার্থীকে মারধর করা হচ্ছে খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যায়। এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।’