শিবির সন্দেহে এক শিক্ষার্থীকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির সন্দেহে মো. শাহেদ নামের এক শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ছাত্রলীগের কয়েকজন কর্মীর বিরুদ্ধে। গতকাল রোববার সন্ধ্যায় ক্যাম্পাসের জিরো পয়েন্ট এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। পরে পুলিশ বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের একটি কক্ষ থেকে রামদা, চাপাতি ও রক্তমাখা চাদর উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
আহত শাহেদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, শিক্ষার্থী শাহেদকে শাহজালাল ছাত্রাবাসের একটি কক্ষে আটকে রেখে মারধর করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণ হলে পরে তাঁকে ক্যাম্পাসের জিরো পয়েন্টের সামনে ফেলে রাখা হয়। শিবির সন্দেহে ছাত্রলীগের কিছু কর্মী তাঁকে মারধর করেছেন।
হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাউদ্দিন জানান, ক্যাম্পাসের জিরো পয়েন্ট থেকে এক শিক্ষার্থীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। পরে পুলিশ বিশ্ববিদ্যালয়ের শাহজালাল ছাত্রাবাসের একটি কক্ষ থেকে রামদা, চাপাতি ও রক্তমাখা চাদর উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আলী আজগর চৌধুরী প্রথম আলোকে বলেন, এক শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
জানতে চাইলে ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আলমগীর টিপু প্রথম আলোকে বলেন, ‘শিক্ষার্থী শাহেদ ছাত্রশিবিরের এজেন্ট। তাই তাঁকে শায়েস্তা করেছেন কয়েকজন কর্মী। তবে কেউ তাঁকে গুরুতর আহত করেননি।’
তবে শাহেদ অসুস্থ থাকায় তাঁর বক্তব্য জানা যায়নি।