চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির সন্দেহে এক শিক্ষার্থীকে মারধর করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি পক্ষের নেতা-কর্মীরা। গতকাল সোমবার দুপুরে ক্যাম্পাসের শহীদ মিনারের সামনে এ ঘটনা ঘটে। মারধরের শিকার শিক্ষার্থী হলেন মো. ওমর ফারুক। তিনি বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বাংলা বিভাগ থেকে পৌনে দুইটায় বের হন ফারুক। তিনি বিশ্ববিদ্যালয় শহীদ মিনারের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন জিরো পয়েন্টের দিকে। এ সময় ছাত্রলীগের সভাপতি পক্ষের নেতা-কর্মীরা তাঁর ওপর হামলা চালান। তাঁরা ফারুককে রড ও কাঠ দিয়ে মারধর করতে থাকেন। প্রায় ১০ মিনিট মারধরের পর তাঁকে মোটরসাইকেলে করে কলা অনুষদের ঝুপড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে আরেক দফা মারধর করা হয়। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যায়।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু প্রথম আলোকে বলেন, শিবিরের নেতা ওমর ফারুক ক্যাম্পাসে এসে ছাত্রলীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। খবর পেয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করেন।
এ বিষয়ে হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত) মজিবুর রহমান প্রথম আলোকে বলেন, এক শিক্ষার্থীকে মারধর করা হচ্ছে, এ খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যায়।
বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের প্রধান কর্মকর্তা মোহাম্মদ আবু তৈয়ব প্রথম আলোকে বলেন, ওমর ফারুক নামে এক শিক্ষার্থীকে আহত অবস্থায় পুলিশ মেডিকেলে নিয়ে আসে। তাঁর মাথা ফেটে গেছে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
মারধরের শিকার ওমর ফারুক প্রথম আলোকে বলেন, ‘আমার বিভাগে একটি অনুষ্ঠান ছিল। আমি অনুষ্ঠান শেষ করে বাসায় ফিরছিলাম। শহীদ মিনারের সামনে ছাত্রলীগের নেতা-কর্মীরা আমার ওপর অতর্কিত হামলা চালান। তাঁরা আমাকে রড ও কাঠ দিয়ে দুই দফা মেরেছেন। আমি কোনো দলের সঙ্গে যুক্ত নই।’