শিবির সন্দেহে ১৩ শিক্ষার্থীসহ আটক ১৪
ছাত্রশিবিরের কর্মী সন্দেহে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১৩ জন শিক্ষার্থী ও একটি আবাসিক হলের মসজিদের ইমামকে আটক করেছে পুলিশ।
আজ শনিবার বেলা সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হলে তল্লাশি চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় ওই হলের মসজিদ থেকে বেশ কিছু জিহাদি বই উদ্ধার করা হয়েছে।
আটক শিক্ষার্থীরা হলেন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের স্নাতকোত্তর পর্বের আবুল খায়ের, একই বিভাগের চতুর্থ বর্ষের ইউসুফ আলী, ইসলামিক স্টাডিজ বিভাগের স্নাতকোত্তর পর্বের আবদুস সবুর, লোকমান হোসেন সিরাজী, মেহেদি হাসান, চতুর্থ বর্ষের আবদুল হক, শরীফুল ইসলাম, ইসলামের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের মুরাদ, ক্রপ সায়েন্স বিভাগের স্নাতকোত্তর পর্বের ফাহাদ আলম, ভাষা বিভাগের স্নাতকোত্তর পর্বের রায়হান, প্রাণিবিদ্যা বিভাগের স্নাতকোত্তর পর্বের সিরাজুল ইসলাম সুমন, মার্কেটিং বিভাগের স্নাতকোত্তর পর্বের আনোয়ারুল ইসলাম ও তৃতীয় বর্ষের মোস্তাক আহমেদ। এ ছাড়া হল মসজিদের ইমাম সানাউল্লাহকেও (৫৫) আটক করা হয়েছে।
রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার (পূর্ব) আমীর জাফর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই হলে নজরদারি বাড়ানো হয়। বিকেলের দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় তল্লাশি চালানো হয়। এ সময় হল মসজিদ থেকে শিবিরের বই, নথি ও ডায়েরি উদ্ধার করা হয়। তল্লাশির সময় শিবিরের কর্মী সন্দেহে ১৩ শিক্ষার্থী ও মসজিদের ইমামকে আটক করা হয়েছে। তাঁদের মতিহার থানায় নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান বলেন, ‘দেশে জঙ্গি তৎপরতার পরিপ্রেক্ষিতে আমরা বিশ্ববিদ্যালয়ে সতর্ক আছি। ক্যাম্পাসে কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে। এরই অংশ হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় পূর্ব তথ্যের ভিত্তিতে একটি হলে তল্লাশি চালিয়ে কয়েকজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।’