শিবিরের সাবেক সভাপতিসহ ১৯ জন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে আজ শনিবার রাতে ছাত্রশিবিরের সাবেক সভাপতিসহ শিবিরের ১৯ জন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার প্রথম আলোকে বলেন, মোহাম্মদপুরের জাকির হোসেন রোডের এক বাসায় গোপন বৈঠক চলছে—এমন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে আটটার দিকে সেখানে অভিযান চালায় পুলিশ। ওই বাসা থেকে শিবিরের ১৯ জন নেতা-কর্মীকে আটক করা হয়। ওই বাসায় চেয়ার টেবিল ছাড়া আর কোনো কিছু নেই। ধারণা করা হচ্ছে, সেখানে নিয়মিত বৈঠক করতেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।
বিপ্লব কুমার সরকার বলেন, সবার নাম-পরিচয় জানার জন্য জিজ্ঞাসাবাদ চলছে। এর মধ্যে একজনের নাম শফিকুল ইসলাম বলে জানা গেছে। শফিকুল শিবিরের কেন্দ্রীয় কমিটির সভাপতি ছিলেন। বর্তমানে তিনি জামায়াতে ইসলামীর কর্মপরিষদের একজন সদস্য বলে জানা গেছে। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।