শিবিরকর্মী সন্দেহে এক ছাত্রকে মারধর
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক ছাত্রকে ছাত্রশিবিরের কর্মী সন্দেহে মারধর করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ সোমবার বিকেল তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের সামনে মারধরের এ ঘটনা ঘটে।
ছাত্রলীগ ও প্রক্টর দপ্তর সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র শামীম রিফাত সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজেকে শিবিরকর্মী হিসেবে পরিচয় দিয়েছেন। দেশের স্বাধীনতাকেও অস্বীকার করেছেন তিনি। এই অভিযোগে আজ নতুন ভবনের সামনে শামীমকে পেয়ে মারধর করেন ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী। একপর্যায়ে তাঁদের কাছ থেকে পালিয়ে যান তিনি। তবে এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য শামীমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। তবে শেষ পর্যন্ত যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে শিবির পাইলেই গণধোলাই দেওয়া ছাত্রলীগের রুটিনওয়ার্ক। ক্যাম্পাসে শিবির নিধন কর্মসূচি চলতেই থাকবে।’
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর নূর মোহাম্মদ সাংবাদিকদের বলেন, ‘ঘটনা শুনেছি। শামীমের ফেসবুক স্ট্যাটাস খতিয়ে দেখা হবে। রাষ্ট্রদ্রোহী কোনো বক্তব্য থাকলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’