শিবিরশূন্য ক্যাম্পাসে, ছাত্রাবাসে ভাঙচুর ছাত্রলীগের একাংশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুসন্ধানে জানা গেছে, ১০ সেপ্টেম্বর শিক্ষকবাসে হামলার পর পুলিশি অভিযান ও মামলার কারণে গা-ঢাকা দিয়েছেন ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। এখন শিবির-নিয়ন্ত্রিত ছাত্রাবাসগুলোতে যাঁরা আছেন তাঁরা প্রায় সবাই সাধারণ আবাসিক শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় থেকে জানা যায়, গতকাল সন্ধ্যা ছয়টার দিকে এ এফ রহমান ছাত্রাবাসের নিচ ও দ্বিতীয় তলার বেশ কয়েকটি কক্ষে ভাঙচুর চালিয়ে জিনিসপত্র নিয়ে যায়। ছাত্রলীগের ১৫-২০ জনের একটি দল এই ভাঙচুর ও লুটপাটে অংশ নেয় বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সাধারণ শিক্ষার্থী বলেন, ‘ওরা আমার কক্ষে ভাঙচুর করে জিনিসপত্র এলোমেলো করে রাখে এবং আমার ফ্যানটি (পাখা) নিয়ে যায়। ওই সময় আমি কক্ষে ছিলাম না।’

এ এফ রহমান ছাত্রাবাসের প্রাধ্যক্ষ এস এম মনিরুল হাসান বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের চলে যেতে বলি। চলে যাওয়ার সময় তাদের কিছু নিয়ে যেতে দেখিনি। আমি মাত্র দুটি কক্ষের তালা ভাঙা দেখেছি।’

ছাত্রলীগের ওই নেতা-কর্মীরা তাঁদের বন্ধুদের কাছে এসেছিলেন বলেও দাবি করেন প্রাধ্যক্ষ।

ছাত্রলীগের বিভিন্ন পক্ষের বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতার সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা এ ব্যাপারে কথা বলতে রাজি হননি।