চট্টগ্রাম সরকারি কলেজ ও সরকারি হাজী মুহম্মদ মুহসীন কলেজের বামপন্থী অধ্যক্ষ ও বিভাগীয় প্রধানদের যোগসাজশে ইসলামী ছাত্রশিবির সেখানে অস্ত্র মজুতের আস্তানা গড়ে তুলেছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ ছাত্রলীগ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে গতকাল শুক্রবার সংবাদ সম্মেলনে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান এই অভিযোগ করেন। চট্টগ্রামের এ দুটি কলেজে পুলিশের অভিযানে অস্ত্র, গুলি ও বিস্ফোরক উদ্ধারের পরিপ্রেক্ষিতে এ সংবাদ সম্মেলন করা হয়।
বদিউজ্জামান কারও নাম উল্লেখ না করে বলেন, ‘এই অস্ত্রভান্ডার তৈরির সঙ্গে কলেজ দুটির বহু শিক্ষক ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী সরাসরি জড়িত আছেন। আমরা শিক্ষা মন্ত্রণালয়কে বিষয়টি অবগত করেছি। কলেজ দুটির অধ্যক্ষ ও প্রতিটি বিভাগীয় প্রধান বামপন্থী ভাবধারায় বিশ্বাসী। কলেজ দুটিতে জামায়াত-শিবিরের ক্যাডারদের ওই অস্ত্র মজুতের আস্তানা গড়ে তোলার ক্ষেত্রে এসব শিক্ষকের প্রত্যক্ষ সহযোগিতা রয়েছে বলে আমরা জানতে পেরেছি।’ এক প্রশ্নের জবাবে তিনি ওই কলেজ দুটিতে বামপন্থী ও জামায়াত-শিবিরের মধ্যে একধরনের যোগসাজশ রয়েছে বলে দাবি করেন।
বদিউজ্জামান বলেন, ‘চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে এমন আরও অস্ত্রের মজুত রয়েছে। শিক্ষা মন্ত্রণালয় ও প্রশাসন চাইলে আমরা তাদের সেই প্রতিষ্ঠানগুলোর তালিকা দিয়েও সহায়তা করতে পারি।’
ছাত্রলীগের অভিযোগের বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ জেসমিন আক্তার প্রথম আলোকে বলেন, ‘এ বিষয়ে আমার বলার কিছু নেই। আমি একজন সরকারি কর্মকর্তা। সরকারি বিধি মেনেই কাজ করি। আর এসব কথা তো প্রমাণসাপেক্ষ।’
সন্ধ্যায় এ বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগ করতে মুহসীন কলেজের অধ্যক্ষ অঞ্জন কুমার নন্দীর মুঠোফোনে চেষ্টা করলে, তা বন্ধ পাওয়া যায়।