শিবিরের আস্তানা থেকে জিহাদি বই ও হকিস্টিক উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ভোয়ালিয়াপাড়া এলাকায় ইসলামী ছাত্রশিবিরের গোপন আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জিহাদি ও ধর্মীয় উসকানিমূলক বই এবং হকিস্টিকসহ এক শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার শিবির কর্মীর নাম মো. কুতুব উদ্দিন (১৯)। তিনি বাঁশখালী উপজেলার শেখেরখিল মোশারফ সিকদারপাড়ার মো. আলী হোসেনের ছেলে। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ অভিযানে অংশ নেন সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপারসহ থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদে জানতে পারা যায় সাতকানিয়া পৌরসভার ভোয়ালিয়াপাড়া এলাকায় অবস্থিত চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির জাফর সাদেকের বাড়ির আশপাশে জামায়াত-শিবির কর্মীরা নিয়মিত গোপন বৈঠক করেন। পরে পুলিশ নিশ্চিত হন জাফর সাদেকের বাড়িতেই এঁরা গোপন বৈঠকে বসেন। এরই পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার রাত ১১টার পরে থানা- পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযানে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শিবিরের নেতা-কর্মীরা পালিয়ে গেছেন।
পুলিশ জানায়, এ অভিযানে ওই বাড়ির একটি টিনশেড আলাদা কক্ষ থেকে মওদুদী, গোলাম আযম, মতিউর রহমান নিজামীসহ জামায়াত ঘরানার লেখকদের অন্তত দেড় হাজার কপি ধর্মীয় উসকানিমূলক ও জিহাদি বই, অর্থ জোগানদাতার তালিকা, বিভিন্ন স্লোগান লেখা স্টিকার, লিফলেট ও নানা কর্মসূচি পালনের সিদ্ধান্ত সংবলিত নথি ও ব্যানার উদ্ধার করা হয়। এ সময় পুলিশ ওই বাড়ি থেকে শিবির কর্মী কুতুবকে গ্রেপ্তার করে এবং চারটি হকিস্টিকও উদ্ধার করেছে।
এ ব্যাপারে জানার জন্য জামায়াত নেতা জাফর সাদেকের মুঠোফোনে যোগাযোগ করলে তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।