শিবিরের জেলা সভাপতি ও সেক্রেটারি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট র‍্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-৫-এর সদস্যরা অভিযান চালিয়ে ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি ও সেক্রেটারিকে গ্রেপ্তার করেছে। গত বুধবার পাঁচবিবি উপজেলার কদমতলী গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
র‍্যাব গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তির কাছ থেকে চারটি গুলিসহ দুটি রিভলবার, ২১টি ককটেল ও ছয়টি দেশীয় বোমা উদ্ধার করেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর উপজেলার তুলাট গ্রামের বাসিন্দা ও ছাত্রশিবিরের জেলা সভাপতি আবুজার গিফারী এবং সেক্রেটারি জয়পুরহাট সদর উপজেলার তেঘর বিশার জংলুপাড়া গ্রামের ওমর আলী।
জয়পুরহাট র‍্যাব-৫-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন শিকদার বলেন, গ্রেপ্তার দুই নেতা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেলায় বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। র‍্যা বের জয়পুরহাট ক্যাম্পের উপসহকারী পরিচালক আনোয়ার হোসেন বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা করেছেন।
পাঁচবিবি থানার পরিদর্শক (তদন্ত) কিরণ কুমার বলেন, আজ শুক্রবার তাঁদের আরও জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানানো হবে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন ও ক্ষেতলাল থানার ওসি মুনির হোসেন বলেন, শিবিরের সভাপতির বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, হত্যাচেষ্টা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে এ থানার মামলা আছে। আর ক্ষেতলালে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা নিক্ষেপ এবং নাশকতার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা আছে। দুটি মামলাতেই তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।