শিবিরের দুই নেতা-কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি নাসির উদ্দিন (২৪) ও শিবির কর্মী তৌহিদুর রহমান রাফিকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে গ্রেপ্তার করার পর গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া নাসির রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০১২-২০১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আর তৌহিদুর ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, বুধবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে গ্রেপ্তার করা হয় তৌহিদুরকে। তাঁর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নগরের বালিয়াপুকুর এলাকার একটি মেস থেকে রাত দুইটার দিকে বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি নাসিরকে গ্রেপ্তার করা হয়। গত সেপ্টেম্বর মাসে দায়ের করা একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান হিমেল বলেন, ‘তৌহিদুর বুধবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের হামিদ হলের সামনে ঘোরাঘুরি করছিল। চালচলনে সন্দেহ হওয়ায় তাঁকে জিজ্ঞাসাবাদ করি আমরা। এ সময় তাঁর ফোন, ফেসবুক এবং মেসেঞ্জারে শিবির-সংক্রান্ত প্রচুর তথ্য পাওয়া যায়। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।’