শিবিরের দুজনকে কোপাল 'ছাত্রলীগ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রশিবিরের নেতা সন্দেহে গতকাল শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রকে কুপিয়ে জখম করা হয়েছে। ছাত্রলীগের কর্মীরা এই হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আহত ছাত্ররা হলেন জি এম সাইফুল ইসলাম ও সুজাত হোসেন। তাঁরা ইতিহাস বিভাগ থেকে স্নাতকোত্তর পরীক্ষা দিচ্ছেন।
প্রত্যক্ষদর্শী ও হাটহাজারী পুলিশ সূত্র জানায়, গতকাল পরীক্ষা শেষে বেলা দুইটার দিকে সাইফুল ও সুজাত বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সামনে আসেন। এ সময় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ১৫-২০ জন নেতা-কর্মী সেখান থেকে তাঁদের ধরে জীববিজ্ঞান অনুষদের বিজ্ঞান ওয়ার্কশপের সামনে নিয়ে যান। সেখানে ধারালো অস্ত্র দিয়ে তাঁদের কুপিয়ে জখম করা হয়। খবর পেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুজনকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যায়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের চিকিৎসক টিপু সুলতান প্রথম আলোকে বলেন, আহত দুজনের সারা শরীরে কোপানোর চিহ্ন আছে। আঘাত গুরুতর হওয়ায় তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন চৌধুরী বলেন, এ ঘটনায় এখনো অভিযোগ পাওয়া যায়নি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরী বলেন, আহত ছাত্রদের হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁরা রাজনীতির সঙ্গে জড়িত কি না, তা তিনি জানেন না। তিনি বলেন, এ ব্যাপারে অভিযোগ পেলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবে।
আহত সাইফুল ও সুজাতকে যথাক্রমে ছাত্রশিবিরের ‘সদস্য’ ও ‘সাথি’ উল্লেখ করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের স্থগিত কমিটির সভাপতি আলমগীর টিপু প্রথম আলোকে বলেন, ওই দুজন শিবিরের ক্যাডার। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মীদের বিরুদ্ধে বিভিন্ন মামলা দিয়ে পরীক্ষা দিতে দেওয়া হচ্ছে না। অথচ শিবিরের কর্মীরা দিব্যি পরীক্ষা দিচ্ছে। ছাত্রলীগের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। এ কারণে তাঁদের ষড়যন্ত্র প্রতিহত করতে দুজনকে মারধর করা হয়েছে।
কোপানোর বিষয়ে জানতে চাইলে আলমগীর টিপু বলেন, ‘আমি ঘটনাস্থলে ছিলাম না। কোপানোর কথা জানি না।’