শিবিরের নেতা চার দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার শিবিরের নেতা হাফিজুর রহমানকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে রাজশাহী মহানগর হাকিম আদালত-১–এর বিচারক মোকসেদা আজগর এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের পরিদর্শক রেজাউস সাদিক বলেন, হাফিজুর রাজশাহী নগরের ১৯ নম্বর ওয়ার্ড ছাত্রশিবিরের সেক্রেটারি এবং বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। গত রোববার তাঁকে গ্রেপ্তার করা হয়। পরের দিন তাঁকে সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। আজ বৃহস্পতিবার বিকেলে রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
অপর দিকে শিক্ষক হত্যার ঘটনায় গ্রেপ্তার রাজশাহীর বাগমারা উপজেলার দরগামাড়িয়া জামে মসজিদের ইমাম রায়হান আলী ও রাজশাহী নগরের মতিহার থানা এলাকার শিবিরের কর্মী খায়রুল ইসলামকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদনও আজ করা হয়েছে। আদালত আগামী সোমবার ওই আবেদনের শুনানির দিন ধার্য করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত শনিবার সকালে রাজশাহী নগরের শালবাগান এলাকায় নিজ বাড়ির সামনে দুর্বৃত্তরা রেজাউল করিম সিদ্দিকীকে কুপিয়ে হত্যা করে।