শিবিরের মিছিল, ছাত্রলীগের মহড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষেধাজ্ঞা অমান্য করে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গতকাল শনিবার সকালে ঝটিকা মিছিল করেছেন ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। এর জের ধরে দুপুরে ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মী ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে ‘মহড়া’ দেন।
শিবির ও ছাত্রলীগের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় অনেকে ছাত্রাবাসসহ নিরাপদ স্থানে চলে যান।
গত ১০ মার্চ বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে মিছিল, শোডাউন, সমাবেশসহ সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করে। এটি এখনও বলবৎ রয়েছে।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, জামায়াত নেতাদের মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল পৌনে নয়টায় বিক্ষোভ মিছিল বের করেন শিবিরের নেতা-কর্মীরা। বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের অর্থ সম্পাদক সাকিব হাসান, প্রচার সম্পাদক ফরহাদ রেজা ও লাবিব আবদুল্লাহর নেতৃত্বে মিছিলটি ক্যাম্পাসের বাস টার্মিনাল থেকে শুরু হয়ে টুকিটাকি চত্বরে গিয়ে শেষ হয়।
নিষেধাজ্ঞা অম্যান্য করে মিছিল করার বিষয়ে বক্তব্য জানতে বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি আশরাফুল আলমের মুঠোফোনে গতকাল বিভিন্ন সময় একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তা বন্ধ পাওয়া যায়।
এদিকে শিবিরের মিছিলের জের ধরে ক্যাম্পাসে মহড়া দিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালিদ হাসানের নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী দুপুরের দিকে প্রায় এক ঘণ্টা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ও পয়েন্টে অবস্থান নিয়ে মহড়া দেন।
এ বিষয়ে ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান বলেন, ‘শিবির ক্যাম্পাসে অরাজক পরিস্থিতি তৈরি করতে জঙ্গি স্টাইলে মিছিল করছে। আমরা শিবিরকে প্রতিহত করার জন্য দলবদ্ধ হয়ে ক্যাম্পাসে ঘোরাফেরা করেছি।’
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসান বলেন, ‘বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে। সার্বিক নিরাপত্তার দায়িত্ব আইন প্রয়োগকারী সংস্থার ওপর ন্যস্ত রয়েছে। এসব বিষয় তারাই দেখবে।’
নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, পুলিশ শিবিরের মিছিলের সময় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে ছিল। শিবিরের মিছিলটি শুরু হয়ে কয়েক মিনিটের মধ্যে শেষ হওয়ার কারণে পুলিশ তাদের ধরতে পারেনি। তিনি বলেন, ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে ছাত্রলীগের মহড়ার বিষয়ে ওসি কোনো মন্তব্য করেননি।