শিবিরের ১২ নেতা-কর্মীকে পিটিয়ে পুলিশে সোপর্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হল থেকে শিবিরের ১২ নেতা-কর্মীকে আটকের পর মারধর করে পুলিশে সোপর্দ করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। গত মঙ্গলবার রাতে হলের বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক ছাত্ররা হলেন জাকির হোসেন, আশিকুল হাসান, আরিফুল ইসলাম, রাকিব আহমেদ, মাহমুদুল হাসান, শরিফুল ইসলাম, শাহানুর আলম, সাহেব রানা, আবদুর রাকিব, নাবিউল ইসলাম, অলিউল ইসলাম ও গোলাম রাব্বানী। তাঁদের মধ্যে নাবিউল বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাহিত্য সম্পাদক, জাকির শামসুজ্জোহা হল শাখা শিবিরের সেক্রেটারি, শাহানুর শিবিরের সাথি ও সাহেব প্রকৌশল অনুষদের সভাপতি বলে দাবি করেছে ছাত্রলীগ।

হল সূত্র জানায়, মঙ্গলবার রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সম্পাদক ফয়সাল আহমেদের নেতৃত্বে নেতা-কর্মীরা সোহরাওয়ার্দী হলের ১৪৩ নম্বর কক্ষে সাহেব ও নাবিউলকে জিজ্ঞাসাবাদ করেন। তাঁদের কাছে শিবিরের বিভিন্ন তথ্য, প্রকাশনা ও ক্রেস্ট পাওয়ার পর তাঁদের তথ্য অনুসারে হলের বিভিন্ন কক্ষে অভিযান চালান। এ সময় তাঁদের কাছ থেকে বিভিন্ন জিহাদি বই, শিবিরের রিপোর্ট বই, ডায়েরি, অর্থ বিভাগের ১৯ হাজার টাকা ও বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীর তালিকা পাওয়া যায়। এ সময় তাঁদের বেধড়ক মারধর করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে ভোর চারটার সময় মতিহার থানা পুলিশের কাছে তাঁদের হস্তান্তর করা হয়।

এদিকে ই-মেইলে পাঠানো বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের প্রচার সম্পাদক সাদিক বিল্লাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ছাত্রলীগ নেতাকর্মী কোনো কারণ ছাড়াই সাধারণ শিক্ষার্থী ও শিবিরকর্মীসহ ১২ জন বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রদের ওপর অতর্কিত হামলা চালায়।’ এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি হাসান তারিক ও সেক্রেটারি লাবিব আবদুল্লাহ।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সম্পাদক ফয়সাল বলেন, ‘জিজ্ঞাসাবাদে তাঁরা শিবিরের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেন।’

নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ছাত্রলীগ শিবিরের ওই ১২ নেতা-কর্মীকে পুলিশে সোপর্দ করেছে।