শিবিরের ৫ কর্মীকে ধরিয়ে দিল ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়ির চাকা নষ্ট করার পেরেক, অকটেন, পোস্টার, সাংগঠনিক বইসহ চট্টগ্রামে ছাত্রশিবিরের পাঁচ কর্মীকে পুলিশে ধরিয়ে দিয়েছেন ছাত্রলীগের নেতারা। গতকাল শুক্রবার দুপুরে নগরের হালিশহর থানাধীন আই ব্লকের একটি বাসায় গোপন বৈঠক করার সময় তাঁদের ধরে পুলিশে সোপর্দ করা হয়। ছাত্রলীগের দাবি, শিবিরের কর্মীরা নাশকতার পরিকল্পনা করছিলেন।
পুলিশ সূত্র জানায়, শিবিরের আটক হওয়া পাঁচ কর্মী হলেন: আমীর হামজা (২১), দীন মোহাম্মদ (২৪), আবু হানিফ (২০), শামসুদ্দৌহা (২১) ও খালেদ মোশাররফ (২০)। প্রথম তিনজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাঁদের বাড়ি সন্দ্বীপে। শেষের দুজন নোয়াখালীর চৌমুহনী কলেজের ছাত্র।
চট্টগ্রাম নগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সামদানী প্রথম আলোকে বলেন, সাকা ও মুজাহিদের ফাঁসির রায় কার্যকরের সময় নাশকতা করার পরিকল্পনা ছিল ওই পাঁচজন কর্মীর। বিষয়টি জানতে পেরে তিনি পুলিশে খবর দেন। একই সঙ্গে ছাত্রলীগের আরও কয়েকজনকে নিয়ে গতকাল দুপুরে হালিশহরের আই ব্লকের ওই বাসায় যান। ভবনের তৃতীয় তলায় শিবিরের মেসটিতে তখন নয়জন বৈঠক করছিলেন।
গোলাম সামদানী আরও বলেন, তাঁরা সেখানে যাওয়ার পর বোতল থেকে অকটেন ফেলে দেন শিবিরের কর্মীরা। কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে হাজির হয়। তবে এর আগেই শিবিরের চার কর্মী পালিয়ে যান।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (পশ্চিম) আরেফিন জুয়েল প্রথম আলোকে বলেন, ছাত্রশিবিরের আটক হওয়া কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।