ছাত্রশিবিরের ‘গুপ্তচর’ সন্দেহে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বহিষ্কৃত এক নেতাকে মারধর করেছেন নেতা-কর্মীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হলের সামনে এ ঘটনা ঘটে।
হামলার শিকার পীযূষ কান্তি বর্মণ বহিষ্কারের আগে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি উদ্ভিদবিদ্যা বিভাগের মাস্টার্স পরীক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে খালেদা জিয়া হলের সামনে কয়েকজন বন্ধুর সঙ্গে আড্ডা দিচ্ছিলেন পীযূষ। এ সময় ছাত্রলীগের কর্মীরা তাঁকে ধাওয়া দেন এবং লাঠিসোঁটা দিয়ে মারধর করেন। পরে পুলিশ গিয়ে পীযূষকে উদ্ধার করে। যাঁরা তাঁর ওপর হামলা চালিয়েছেন, তাঁরা শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন সিক্সটি নাইনের কর্মী। বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করায় শাটল ট্রেনের বগিভিত্তিক বিভিন্ন সংগঠনের মাধ্যমে ক্যাম্পাসে ছাত্রলীগের কার্যক্রম চলে।
সিক্সটি নাইন পক্ষের নেতা ও ছাত্রলীগের বিলুপ্ত কমিটির অর্থ সম্পাদক আবু কাইজার অভিযোগ করেন, পীযূষ কান্তি শিবিরের এজেন্ট। দীর্ঘদিন পর আবার শিবিরের সঙ্গে আঁতাত করতে ক্যাম্পাসে এলে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁকে ধাওয়া দেন।
ছাত্রলীগের নেতারা জানান, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে তালা দেওয়ার ঘটনায় ২০১৩ সালের ২০ আগস্ট পীযূষকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। এর পরও তিনি ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতেন। তবে একই বছরের ৩১ আগস্ট শিবিরের সাবেক এক নেতার সঙ্গে মুঠোফোনে তাঁর কথোপকথনের একটি অডিও ক্লিপ ফাঁস হয়। ওই অডিওতে ২০১২ সালের ৮ ফেব্রুয়ারি ক্যাম্পাসে ছাত্রলীগ-শিবির সংঘর্ষের সময় শিবিরের দুই নেতা হত্যার ঘটনায় কারা জড়িত, তা নিয়ে কথা বলতে শোনা যায়। এরপর ক্যাম্পাস ছেড়ে চলে যান পীযূষ।
হাটহাজারী থানার তদন্ত কর্মকর্তা সালাহ উদ্দিন জানান, ক্যাম্পাসে একজনকে মারধর করা হচ্ছে—এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পীযূষকে উদ্ধার করে।
ছাত্রলীগের অভিযোগ ও মারধরের ঘটনার বিষয়ে জানতে গতকাল বিকেলে পীযূষ কান্তি বর্মণের মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁর নম্বরটি বন্ধ পাওয়া যায়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে জানান, একটি অডিও টেপ ফাঁস হওয়া নিয়ে ছাত্রলীগের কর্মীরা পীযূষের ওপর ক্ষুব্ধ ছিলেন। হামলার ঘটনায় কেউ প্রশাসনকে কিছু জানাননি।