শিমরাইল ট্রাকস্ট্যান্ডে নূর হোসেনের অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শিমরাইল ট্রাকস্ট্যান্ডে অবৈধভাবে গড়ে তোলা স্থাপনার একাংশ গতকাল রোববার উচ্ছেদ করেছে জেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। দোকান, রেস্তোরাঁ, শ্রমিকসংগঠনের কার্যালয়সহ এদিন প্রায় অর্ধশত স্থাপনা উচ্ছেদ করা হয়।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জে সাত খুনের মামলার প্রধান আসািম নূর হোসেন এসব অবৈধ স্থাপনা গড়ে তুলেছিলেন। এসব স্থাপনায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চলে আসছিল।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল কাশেম শাহীনের নেতৃত্বে গতকাল এ উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় বিপুলসংখ্যক পুলিশ ও সওজের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল কাশেম শাহীন সাংবাদিকদের জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল ট্রাকস্ট্যান্ড ঘিরে নূর হোসেন অবৈধভাবে বেশ কিছু স্থাপনা গড়ে তুলেছিলেন। এই স্ট্যান্ডে পাঁচ শর বেশি ট্রাক রাখা হয়। এসব ট্রাক থেকে তিনি নিয়মিত চাঁদা আদায় করতেন। এ ছাড়া মাদক ব্যবসা, অসামাজিক কার্যকলাপসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডও চালানো হতো এখানে। নূর হোসেন পালিয়ে যাওয়ার পর তাঁর প্রতিপক্ষ এসব স্থাপনা দখলে নেয়।

ম্যাজিস্ট্রেট আবুল কাশেম শাহীন বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আট লেনের কাজ চলছে। এই কাজের জন্য উচ্ছেদ অভিযান চালানো হলো। কালও (সোমবার) এই উচ্ছেদ অভিযান চালানো হবে।

এলাকাবাসী জানান, নূর হোসেন পালিয়ে যাওয়ার পর ট্রাকস্ট্যান্ডটির অবৈধ স্থাপনাগুলো তাঁর প্রতিপক্ষ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নিহত নজরুল ইসলামপন্থী সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি নজরুল ওরফে ছোট নজরুল ও তাঁর ছোট ভাই সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আইয়ুব আলী গং দখল নেয়। তারাও সেখানে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

এ বিষয়ে নজরুল ও আইয়ুব আলীর মুঠোফোন বন্ধ পাওয়ায় তাঁদের সঙ্গে কথা বলা যায়নি। তবে নজরুলের সৎভাই ও সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মনির হোসেন বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আট লেনের কাজের জন্য ট্রাকস্ট্যান্ডের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সেখানে মাদক ব্যবসা বা চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেন তিনি।

এর আগে এই ট্রাকস্ট্যান্ডে নূর হোসেনের দুটি টং দোকানে অভিযান চালিয়ে বিপুলসংখ্যক বিদেশি মদ, ফেনসিডিলসহ অন্যান্য মাদক উদ্ধার করে পুলিশ।